© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৪৩ বছর বয়সেই চলে গেলেন বিতর্কিত ওয়েবসাইট ‘অনলিফ্যানস’-এর কর্ণধার রাদভিনস্কি

শেয়ার করুন:
৪৩ বছর বয়সেই চলে গেলেন বিতর্কিত ওয়েবসাইট ‘অনলিফ্যানস’-এর কর্ণধার রাদভিনস্কি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৬ পিএম | ২৪ মার্চ, ২০২৬
বিশ্বজুড়ে আলোচিত প্রাপ্তবয়স্ক কনটেন্টভিত্তিক ওয়েবসাইট ‘অনলিফ্যানস’-এর মালিক লিওনিদ রাদভিনস্কি মারা গেছেন। মৃতুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনে জন্ম নেওয়া রাদভিনস্কির শৈশব কেটেছে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে।

২০১৮ সালে তিনি যুক্তরাজ্যভিত্তিক দুই প্রতিষ্ঠাতার কাছ থেকে অনলিফ্যানস কিনে নেন। করোনা মহামারির সময় তার নেতৃত্বেই প্ল্যাটফর্মটির ব্যাপক বিস্তার ঘটে। মাত্র তিন বছরের মধ্যেই তিনি ফোর্বস সাময়িকীর ধনকুবের তালিকায় স্থান পান। 

২০১৬ সালে প্রতিষ্ঠিত অনলিফ্যানস এমন একটি মাধ্যম, যেখানে কনটেন্ট নির্মাতারা ছবি ও ভিডিও প্রকাশ করে মাসিক সদস্য ফি বা সাবস্ক্রাইবারদের কাছ থেকে টিপস নেওয়ার মাধ্যমে আয় করেন।

রান্না, ব্যায়ামসহ নানা ধরনের বিষয় থাকলেও এটি মূলত প্রাপ্তবয়স্ক কনটেন্টের জন্য বেশি পরিচিত। এখানে সরাসরি সম্প্রচার, ব্যক্তিগত বার্তা ও বিশেষ অনুরোধে কনটেন্ট তৈরির সুযোগ রয়েছে। বিনিময়ে প্রতিষ্ঠানটি কনটেন্ট নির্মাতার মোট আয়ের ২০ শতাংশ চার্য করে।

২০২৪ সালের তথ্যমতে, প্ল্যাটফর্মটিতে ৩৭৭ মিলিয়নের বেশি ব্যবহারকারী এবং প্রায় ৪.৬ মিলিয়ন কনটেন্ট নির্মাতা সক্রিয় ছিলেন।

ওই বছর মোট লেনদেন হয় প্রায় ৭ বিলিয়ন পাউন্ড এবং প্ল্যাটফর্মটির আয় দাঁড়ায় ১.৪ বিলিয়ন ডলার। সে সময় তাদের সাবস্ক্রাইবার ছিল ৩৭৭ মিলিয়নের বেশি। সে বছরে প্রায় ৪ দশমিক ৬ মিলিয়ন ক্রিয়েটর সাইটে পোস্ট করছিলেন। 

তবে জনপ্রিয়তার পাশাপাশি নানা সমালোচনাও ছিল। বিশেষ করে প্রাপ্তবয়স্ক কনটেন্টে অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ নিয়ে ২০২৪ সালে ব্রিটিশ নিয়ন্ত্রক সংস্থা অফকম তদন্ত শুরু করেছিল।
পরে তদন্ত বন্ধ হলেও তথ্য প্রদানে ত্রুটির কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

এর আগে অবৈধ কনটেন্ট নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগও ওঠে। ২০২১ সালে যৌন কনটেন্ট বন্ধের ঘোষণা দিয়ে সমালোচনার মুখে দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করা রাদভিনস্কি জীবনের শেষ সময়ে ফ্লোরিডায় বসবাস করছিলেন। ফোর্বসের তথ্যমতে, তার সম্পদের পরিমাণ ছিল প্রায় ৪.৭ বিলিয়ন ডলার।

অনলিফ্যানস ছাড়াও তিনি বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে বিনিয়োগ এবং ক্যান্সার গবেষণায় অনুদান দেওয়ার মতো দাতব্য কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

কেএন/এসএন

মন্তব্য করুন