এবার ট্রেন্ডিংয়ে শীর্ষে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’
ছবি: সংগৃহীত
০৫:২১ পিএম | ২৪ মার্চ, ২০২৬
বলিউডে অভিষেকেই বাজিমাত করলেন ঢাকার আরিফিন শুভ। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তাঁর উপস্থিতি এখন চোখে পড়ার মতো। আর সেই পথচলার শুরুতেই মাইলফলক ছুঁলেন এই চিত্রনায়ক। ওটিটি প্ল্যাটফরম সনি লিভে তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’ টানা দুই দিন ধরে ভারতে ট্রেন্ডিংয়ের শীর্ষে অবস্থান করছে—যা শুধু সাফল্যের খবর নয়, বরং নতুন এক অধ্যায়ের আত্মবিশ্বাসী সূচনা।
গেল ১৯ মার্চ ‘জ্যাজ সিটি’ প্রকাশের পর তা ট্রেন্ডিংয়ে দ্বিতীয় অবস্থানে জায়গা করে নেয়। এরপর ২৩ মার্চ প্রথমবার ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে আসে সিরিজটি। এখনো সেই ধারাবাহিকতা বজায় রেখেছে মোট ১০ পর্বের, প্রায় ৮ ঘণ্টার এই সিরিজ।
শুধু ট্রেন্ডিংয়েই নয়, ভারতীয় শীর্ষ গণমাধ্যমগুলোতেও সিরিজে আরিফিন শুভর অভিনয় নিয়ে ইতিবাচক আলোচনা দেখা যাচ্ছে।
সনি লিভের ট্রেন্ডিংয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘বশীকারাণম’, এরপর রয়েছে ‘পেহলে প্যায়ার’, ‘শার্ক ট্যাংক ইন্ডিয়া ৫’, ‘মাস্টার শেফ ইন্ডিয়া’।
‘জ্যাজ সিটি’র পুরো গল্প আবর্তিত হয়েছে জিমি রয়কে কেন্দ্র করে, আর সেই চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এই সিরিজে তিনি অভিনয় করেছেন চারটি ভাষায়—বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি। হিন্দি ও ইংরেজির পাশাপাশি এবারই প্রথম বাংলা ভাষায় কোনো সিরিজ প্রকাশ করেছে প্ল্যাটফরমটি।

‘জ্যাজ সিটি’র পরিচালনা, গল্প ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন, যিনি এর আগে ‘জুবিলি’ সিরিজের সহস্রষ্টা হিসেবে পরিচিত। সিরিজে আরিফিন শুভর বিপরীতে আছেন সৌরসেনী মিত্র।
এ ছাড়া শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতফ ফিগার, অ্যালেকজান্দ্রা টেলর এবং অমিত সাহাসহ আরো কয়েকজন পরিচিত মুখ অভিনয় করেছেন এতে।
‘জ্যাজ সিটি’ নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের পটভূমিতে। সেই সময়ের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা, মানুষের টানাপড়েন এবং পরিবর্তনের গল্পই উঠে এসেছে সিরিজটিতে।
এসএন