বিয়ে করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ‘জওয়ান’ অভিনেত্রী
ছবি: সংগৃহীত
০৫:২৮ পিএম | ২৪ মার্চ, ২০২৬
জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন বলিউডের আলোচিত সিনেমা ‘জওয়ান’-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত অভিনেত্রী ও সংগীতশিল্পী সঞ্জীতা ভট্টাচার্য। সংগীত পরিচালক রাগ শেঠি-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
ভারতের উদয়পুরের একটি ঐতিহ্যবাহী রাজপ্রাসাদে জমকালো আয়োজনে বসে তাদের বিয়ের আসর। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে মালাবদলের মধ্য দিয়ে সাতপাকে বাঁধা পড়েন এই যুগল।
নিজের বিয়েতে সঞ্জীতা বেছে নিয়েছিলেন সাবেকি বাঙালি সাজ। লাল বেনারসি শাড়ির সঙ্গে আধুনিক ডিজাইনের ব্লাউজ, কপালে চন্দনের কারুকাজ এবং মাথায় শোলার মুকুট—সব মিলিয়ে তার লুকে ছিল ঐতিহ্য ও আধুনিকতার দারুণ সমন্বয়।

বিয়ের আনুষ্ঠানিকতার পাশাপাশি প্রাক-বিয়ের আয়োজনেও ছিল উৎসবমুখর পরিবেশ। গায়েহলুদ, মেহেদি ও সংগীত অনুষ্ঠানে অংশ নেন ‘জওয়ান’-এর সহশিল্পীরাও।
বিশেষ করে সানিয়া মালহোত্রা-সহ ছবির বেশ কয়েকজন কলাকুশলী এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত ছিলেন।
প্রাক-বিয়ের এক ভিডিওতে ‘জিন্দা বান্দা’ গানে পুরো টিমকে সঞ্জীতার সঙ্গে নাচতেও দেখা গেছে, যা ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
এর আগে, ২০২৫ সালের ১০ আগস্ট রাগ শেঠির সঙ্গে বাগদান সারেন সঞ্জীতা। কাজের সূত্রে পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে প্রেম—অবশেষে বিয়ের মাধ্যমে সম্পর্কের পরিণতি পেল তাদের ভালোবাসা।
জানা গেছে, গত বছরই উদয়পুরে সঞ্জীতাকে বিয়ের প্রস্তাব দেন রাগ।
উল্লেখ্য, শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমায় ‘হেলেনা’ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন সঞ্জীতা। দিল্লিতে বেড়ে ওঠা এই শিল্পীর পারিবারিক শিকড় জড়িয়ে আছে বাংলার সঙ্গে। তার বাবা কলকাতার এবং মা বাংলাদেশের ময়মনসিংহের বাসিন্দা।
নিজের পরিচয় নিয়ে সঞ্জীতা বলেছিলেন, তিনি নিজেকে একজন প্রবাসী বাঙালি হিসেবেই ভাবেন। পরিবার থেকেই বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তার গভীর সংযোগ তৈরি হয়েছে, যা আজও তিনি গর্বের সঙ্গে ধারণ করে চলেছেন।
এসএন