© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুলাই সনদ বাড়ির কাজের মেয়েরাও বোঝে, শুধু বিএনপি বোঝে না: গোলাম পরওয়ার

শেয়ার করুন:
জুলাই সনদ বাড়ির কাজের মেয়েরাও বোঝে, শুধু বিএনপি বোঝে না: গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪০ পিএম | ২৪ মার্চ, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদকে কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না মর্মে বিএনপি স্বাক্ষর করেছিল। কিন্তু তারা বর্তমানে ১৮০ ডিগ্রি ব্যাক করেছে। জুলাই সনদ কি, বাড়ির কাজের মেয়েরাও বোঝে। শুধু বিএনপি বোঝে না!

আজ মঙ্গলবার কক্সবাজার পাবলিক লাইব্রেরী ও ইনস্টিটিউটের শহিদ সুভাষ হলে জামায়াত ইসলামী কক্সবাজার শহর শাখা আয়োজিত ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি জনরায়কে ভয় পায় আওয়ামী লীগের মতো। তাই স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে দলীয় লোকজনকে চেয়ারে বসাচ্ছে। এর পরিণতি শুভ হবে না। গেল জাতীয় নির্বাচনে এক্সট্রা অর্ডিনারী ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আমরা আল্লাহর দরবারে মামলা করে দিয়েছি। ফায়সালা আল্লাহই করবেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ৫ বছর ভেজাল ধরার ইলম অর্জন করতে হবে। সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই লড়াইয়ে আমাদের জিততে হবে।

বিএনপি'র উদ্দেশ্যে জামায়াত নেতা বলেন, বিগত ২০২৪ সালের ৫ আগষ্ট থেকে শিক্ষা নিন। রাজনীতিতে আর নতুন সংকট যেন তৈরি না হয়। জনগণের অভিপ্রায় বাস্তবায়ন করুন। বিরোধী দল হিসেবে আপনাদের পাশে থাকবো।

বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাবেক সভাপতি জিএএম আশেক উল্লাহ, শহর জামায়াতের নায়েবে আমির কফিল উদ্দিন চৌধুরী, শহর যুব বিভাগের পরিচালক জাহেদুল ইসলাম নোমান, ঝিলংজা ইউনিয়ন আমির শহীদুল্লাহ।

উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, সাবেক জেলা সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা অফিস সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান, সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সেলিম উল্লাহ বাহাদুর, রামু উপজেলা সেক্রেটারি আ ন ম হারুন, মাওলানা আব্দুর রশীদ প্রমুখ।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন বড়বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কামাল উদ্দিন।

টিজে/এসএন 

মন্তব্য করুন