© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদের সিনেমায় চার নায়িকার বিশেষ চমক

শেয়ার করুন:
ঈদের সিনেমায় চার নায়িকার বিশেষ চমক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১২ পিএম | ২৪ মার্চ, ২০২৬
ঈদের আমেজে ঢালিউডে বইছে নতুন সিনেমার হাওয়া। টানটান উত্তেজনা নিয়ে পর্দায় দাপট দেখাচ্ছে ঈদের চার সিনেমা ‘দম’, ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘প্রেশার কুকার’। আর এ সিনেমাগুলোতে বিশেষ চমক নিয়ে হাজির হয়েছেন চার বাংলাদেশি অভিনেত্রী পূজা চেরী, তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও নাজিফা তুষি।

রেদওয়ান রনির ‘দম’ সিনেমায় রানী চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী। এ সিনেমায় অভিনয়ের জন্য অডিশন দিয়ে নিজেকে প্রমাণ করতে হয়েছিল এই অভিনেত্রীকে। ক্যারিয়ারের এক যুগ পার করলেও গত কয়েক বছরে মুক্তি পাওয়া পূজা অভিনীত ‘জ্বীন’, ‘লিপিস্টিক’, ‘টাইগার’ কোনোটাই সেভাবে সাড়া ফেলতে পারেনি।

তবে ‘দম’ দিয়ে নিজেকে নতুনরূপে হাজির করেছেন তিনি। ছবিতে নিশোর সঙ্গে তার রসায়ন, আবেগের দৃশ্য দর্শকমহলে ইতিমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

নির্মাতা রেদওয়ান রনিও তার প্রশংসা করে বলেন, ‘একজন শিল্পীর নিবেদন ছাড়া, তার চরিত্রের প্রতি ভালোবাসা ছাড়া কখনোই এমন একটা জায়াগায় পৌঁছানো সম্ভব নয়। পূজা এই গল্প, চরিত্র বিশ্বাস করেছে, ফলে এই চরিত্রের জন্য নিজেকে নতুন করে তৈরি করেছে।’



এবার ঈদের চার বছর পর রায়াহন রাফীর ‘প্রেশার কুকার’ দিয়ে ফিরেছেন নাজিফা তুষি। ২০২২ সালে মেজবাহউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমার পর তিনি যেন ‘হাওয়া’ হয়ে গিয়েছিলেন। ‘প্রেশার কুকার’ ছবিতে ‘রেশমা’ চরিত্রে তার দুর্দান্ত অভিনয় নতুন করে আলোচনায় এনেছে এই অভিনেত্রীকে।

তার অভিনয়ের প্রশংসা করে চিত্রনাট্যকার মেহেদি হাসান তার ফেসবুকে লেখেন, ‘একেকজন অভিনেতার একেক রকম প্রসেস থাকে, চরিত্র তো আর অভিনেতা ভেবে হয় না। কিন্তু রেশমা আসলে নাজিফা তুষি না হলে হতো না।’

এই সিনেমা ছাড়াও চলতি বছর ‘রইদ’ সিনেমায় দেখা যাবে তুষিকে। এ ছবি দিয়েই আবার ফিরছেন সুমন–তুষির নির্মাতা–অভিনেতা জুটি।

গত বছরের ঈদুল আজহায় প্রথমবারের মতো বাণিজ্যিক সিনেমায় দেখা যায় তাসনিয়া ফারিণকে। ‘ইনসাফ’ ছবিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে তার অভিনয় নজর কেড়েছিল সেসময়। এবারের ঈদে শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘প্রিন্স’ দিয়ে পর্দায় ফিরেছেন তিনি।

ছবির টিজারে তার রহস্যময় একঝলক দেখা গেছে। এছাড়া ছবির ড্যান্স নাম্বার ‘জ্বালা জ্বালা’ গানে শাকিবের সঙ্গে তার রসায়নের মিশ্র প্রতিক্রিয়া এসেছে। ছবি দেখার পর দর্শক বলেছেন, ‘প্রিন্স’–এ তাকে আরও একটু জায়গা দিলে ভালো হতো।

এর আগে কলকাতার ‘আরও এক পৃথিবী’ আর বাংলাদেশে ‘ফাতিমা’ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

শাকিব খানের নায়িকা হিসেবে গত বছর রায়হান রাফীর ‘তাণ্ডব’ দিয়ে পর্দা কাঁপিয়েছিলেন সাবিলা নূর। বিশেষ করে ছবির ‘লিচুর বাগানে’ গানটি ব্যাপক আলোচিত হয়।

এবার তিনি হাজির হয়েছেন তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ এ, ছবির প্রধান চরিত্র চিত্রা হিসেবে। এক বিশ্ববিদ্যালয় পড়া তরুণীর চরিত্র। সিনেমাটির জন্য অন্য আরেকটি সিনেমার প্রস্তাব ফিরিয়েছিলেন সাবিলা। কারণ, দুটির শ্যুটিং প্রায় একই সময় পড়েছিল। তারকাবহুল সিনেমা ‘বনলতা’ মুক্তির পর থেকে সাবিলার সহজ সাবলীল অভিনয় দর্শকমনে গভীর ছাপ ফেলেছে।

কেএন/এসএন

মন্তব্য করুন