© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর জাহাজ চট্টগ্রামে

শেয়ার করুন:
শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর জাহাজ চট্টগ্রামে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৬ পিএম | ২৪ মার্চ, ২০২৬
বাংলাদেশে চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর দুটি জাহাজ রেজকি এবং সোভারচেনি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। 

মঙ্গলবার (২৪ মার্চ) এসব জাহাজ বন্দরে ভিড়লে নৌবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। জাহাজগুলোর আগমনের সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের অভ্যর্থনা জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার উপ-রাষ্ট্রদূত, মিলিটারি, এয়ার ও নেভাল অ্যাটাশে এবং নৌবাহিনীর স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা ওমর ফারুক তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়। সফরকালে রাশিয়ান জাহাজগুলোর অধিনায়ক এবং রাশিয়ার উপ-রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, ডকইয়ার্ডের এরিয়া সুপারিন্টেন্ডেন্ট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া সফরসূচির অংশ হিসেবে রাশিয়ান নাবিকরা বাংলাদেশ নেভাল একাডেমিতে অবস্থিত রাশিয়ান নাবিক ইউভি রেডকিনের সমাধিস্থল রেডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ করবেন। তারা নৌবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ পরিদর্শনের পাশাপাশি চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। একই সময়ে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরাও রাশিয়ান জাহাজ পরিদর্শনের সুযোগ পাবেন।

নৌবাহিনীর কর্মকর্তারা জানান, এ সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে। পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, চার দিনের সফর শেষে রাশিয়ান নৌবাহিনীর জাহাজ দুটি আগামী ২৭ মার্চ বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।

আরআই/এসএন

মন্তব্য করুন