দায়িত্বটা ব্যক্তিগত প্রাপ্তি নয়, জনগণের সেবায় সম্পূর্ণভাবে নিয়োজিত করার সুযোগ: প্রিন্স
ছবি: সংগৃহীত
০৯:৩০ পিএম | ২৪ মার্চ, ২০২৬
ময়মনসিংহ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এটি কোনো ব্যক্তিগত প্রাপ্তি নয়; বরং জনগণের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করার সুযোগ।’
মঙ্গলবার (২৪ মার্চ) জেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তিনি বিদায়ী প্রশাসক অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী জিয়াউল বাসেতের কাছ থেকে এই দায়িত্ব গ্রহণ করেন।
নবনিযুক্ত প্রশাসক তার বক্তব্যে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, ‘ময়মনসিংহ জেলা পরিষদের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের। এটা পাশাপাশি একটি বড় দায়িত্বও।’
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘জেলা পরিষদের এই দায়িত্বকে তিনি ব্যক্তিগত ক্ষতিপূরণ হিসেবে নয়, বরং জনকল্যাণের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে দেখতে চান। জেলার অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ‘দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ময়মনসিংহ জেলার সার্বিক উন্নয়নে কাজ করা হবে এবং জনগণের প্রত্যাশা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।’
জেলা পরিষদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘এটি স্থানীয় সরকার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তর, যা জেলার উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
বিগত ফ্যাসিস্ট আমলে জেলা পরিষদকে দুর্নীতি ও কমিশনভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সেই ধারা থেকে বেরিয়ে এসে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে জেলা পরিষদকে গড়ে তোলা হবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণেরও ঘোষণা দেন তিনি।
নবনিযুক্ত প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জনগণের আস্থা অর্জনের জন্য সেবার মান উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি ময়মনসিংহ জেলার ঐতিহাসিক ও ভৌগোলিক গুরুত্ব তুলে ধরে বলেন, ‘এই জেলার উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে এটিকে একটি আধুনিক ও সম্ভাবনাময় জেলায় পরিণত করা সম্ভব।’
দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: সংসদ সদস্যবৃন্দ, বিদায়ী প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ।
ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ কামরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠিত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন, বিদায়ী প্রশাসক অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী জিয়াউল বাসেত, ময়মনসিংহ জজ কোর্টের পিপি এডভোকেট আনোয়রুল আজিজ টুটুল, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আমজাদ আলী, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম।
টিজে/এসএন