স্বাধীনতা দিবসে সামিনা চৌধুরী ও শফিক তুহিনের গান
ছবি: সংগৃহীত
১০:১৮ পিএম | ২৪ মার্চ, ২০২৬
মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রকাশিত হতে যাচ্ছে নতুন দেশাত্মবোধক গান ‘জন্ম নেবো বারে বার’। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী ও শফিক তুহিন। জানা গেছে, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ এ গানটি প্রকাশ পাবে শফিক তুহিনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। এরই মধ্যে গানটির প্রকাশকে ঘিরে সংগীতাঙ্গনে তৈরি হয়েছে আগ্রহ। ‘জন্ম নেবো বারে বার’ গানটির কথা লিখেছেন নাজমুল শামিম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটি সুর করেছেন শফিক তুহিন নিজেই। সংগীতায়োজন করেছেন সালমান জাইম।
গানটি প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘গানটির কথার সঙ্গে সামঞ্জস্য রেখে শফিক তুহিন দারুণ সুর করেছেন। দেশের গান গাইতে বরাবরই আমার ভীষণ ভালো লাগে। দেশের গান গাইতে আমি সবসময় মুখিয়ে থাকি। মহান স্বাধীনতা দিবসে গানটি প্রকাশ পাবে। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের ভালো লাগবে। আমাকে দিয়ে এমন সুন্দর একটি গান গাওয়ানোর জন্য তুহিনকে ধন্যবাদ।’
শফিক তুহিন বলেন, ‘অনেক শহীদের রক্তের দামে কেনা এই বাংলাদেশ এবং পতাকা নিয়ে গান করাটা ভিন্ন আবেগ কাজ করে। আমি চেষ্টা করেছি দেশপ্রেমের সেই আবেগ থেকে গানটি সুন্দরভাবে উপস্থাপন করতে। সামিনা চৌধুরী আপার সঙ্গে এটি আমার প্রথম দেশের দ্বৈত গান। আমার বিশ্বাস, শ্রোতাদের গানটি ভালো লাগবে।’
সংশ্লিষ্টরা জানান, গানটির মাধ্যমে দেশের প্রতি ভালোবাসা, আত্মত্যাগ ও স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। গানের কথায় যেমন রয়েছে দেশপ্রেমের গভীর আবেগ, তেমনি সুর ও সংগীতায়োজনেও রাখা হয়েছে আধুনিকতার ছোঁয়া।
স্বাধীনতা দিবসকে ঘিরে প্রতি বছরই নতুন নতুন দেশাত্মবোধক গান প্রকাশিত হয়। সেই ধারাবাহিকতায় ‘জন্ম নেবো বারে বার’ গানটিও শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এবি/এসএন
এবি/এসএন