এনআইসিইউ’র পাশে ময়লার ঝুড়ি পেলেন স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
১০:৪১ পিএম | ২৪ মার্চ, ২০২৬
ঢাকা শহরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল। এসবের অধিকাংশই মানসম্মত সেবা প্রদানে ব্যর্থ। তাই এসব হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় ঢাকা মেডিকেলের পেছনে অবস্থিত বেশকয়েকটি বেসরকারি হাসপাতালে অভিযান চালানো হয়।
হাসপাতালগুলো পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় গ্যাসের সিলিন্ডারের পাশে জেনারেটর রাখাসহ এনআইসিইউ’র সামনে ময়লার ঝুড়ি রাখার মতো অব্যবস্থাপনা দেখতে পান তিনি।
পরে আরও দুটো হাসপাতালে অভিযান চালাতে গেলে ঘটনা টের পেয়ে হাসপাতালের সবাই পালিয়ে যান। এ সময় হাসপাতালটি স্বাস্থ্য সেবা প্রদানের অনুপযোগী বলে মন্তব্য করে তা সিলগালা করার কথা জানান মন্ত্রী।
যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান এসব হাসপাতাল পরিচালনার অনুমতি দিয়েছে বা অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা বলেন মন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামীকাল বুধবার (২৫ মার্চ) সকালে একটি ডায়াগনস্টিক সেন্টার এবং একটি ব্লাড ব্যাংককে সিলগালা করা হবে।
এদিকে সন্ধ্যায় এক বার্তায় স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে দিনভর পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়ম ও অসংগতির জন্য দুটি প্রতিষ্ঠান বন্ধ, দুটি আংশিক বন্ধ এবং তিনটি প্রতিষ্ঠানকে সতর্ক করার হয়েছে।
আরআই/এসএন