ঝিনাইদহে গোসলে নেমে পুলিশ সদস্যের মৃত্যু
ছবি: সংগৃহীত
১০:৪৯ পিএম | ২৪ মার্চ, ২০২৬
ঝিনাইদহের মহেশপুরে গোসল করতে নেমে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার নস্তি বাওড়ে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম আশিক হোসেন (২৮)। তিনি নওগাঁর রানীনগর উপজেলার ডাকাহারা গ্রামের বাসিন্দা এবং ঝিনাইদহ পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঝিনাইদহ পুলিশ লাইন থেকে আশিক হোসেন একটি গাড়ি সার্ভিসিংয়ের কাজে মহেশপুর থানায় আসেন। কাজ শেষে শরীরে ধুলাবালি ও তেল-কালি লেগে যাওয়ায় তিনি বিকেলে গোসল করতে উপজেলার নস্তি বাওড়ে যান। গোসল শেষে পানি থেকে উঠে আসার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরআই/এসএন