ঈদে অতিরিক্ত ভাড়া আদায়, রাজবাড়ীর কালুখালীতে মোবাইল কোর্টের জরিমানা
ছবি: সংগৃহীত
১২:৫৩ এএম | ২৫ মার্চ, ২০২৬
রাজবাড়ীর কালুখালী উপজেলায় মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায় ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে রাজবাড়ী- কুষ্টিয়া মহাসড়ক ও একটি পেট্রোল পাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস নির্ধারিত ৭০০ টাকার পরিবর্তে ১২০০ টাকা ভাড়া আদায় করছিল। এ অভিযোগে বাসটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সময়ে একটি লোকাল বাসে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
যাত্রীরা অভিযোগ করেন, ঈদকে কেন্দ্র করে প্রতিবছরই পরিবহনগুলো অতিরিক্ত ভাড়া আদায় করে, যা সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে বাস মালিকপক্ষের দাবি, ঈদের সময় যাত্রী পরিবহনে ভারসাম্য না থাকায় তারা অতিরিক্ত ভাড়া নিতে বাধ্য হচ্ছেন। যদিও সরকারিভাবে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো অনুমোদন নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এটা সরকারি আইন ভঙ্গ। এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’
এসকে/টিকে