© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মধ্যপ্রাচ্য যুদ্ধ / পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প, অনমনীয় ইরান

শেয়ার করুন:
পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প, অনমনীয় ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৫ এএম | ২৫ মার্চ, ২০২৬
জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি থেকে অবরোধ তুলে নিতে ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময়ের মধ্যে তার কথা শুনে অবরোধ তুলে না নিলে শাস্তিস্বরূপ জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকিও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানও কম যায়নি সে সময়। তেহরান বলেছিল, যদি তাদের এসব গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ প্লান্টে পাল্টা হামলা চালানো হবে।

হুমকি-পাল্টা হুমকির মধ্যে মধ্যপ্রাচ্যজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সময়সীমা শেষ হলে ট্রাম্প কী পদক্ষেপ নেন সেদিকে ছিল সবার নজর। তবে ট্রাম্প হুট করেই পিছু হটার ঘোষণা দেন। তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার সিদ্ধান্ত তিনি পাঁচদিনের জন্য স্থগিত করেছেন।

ট্রাম্পের দাবি, মধ্যপ্রাচ্য সংঘাতের পূর্ণাঙ্গ ও সার্বিক সমাধান নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ফলপ্রসূ আলোচনা ও ঐকমত্যের বড় জায়গা তৈরি হয়েছে।

তবে ট্রাম্পের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ করতে এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল যে চোরাবালিতে আটকে গেছে, তা থেকে বাঁচতে মিথ্যা খবর ব্যবহার করা হচ্ছে।

দ্বিতীয় একটি পোস্টে গালিবাফ লেখেন, ইরান আগ্রাসনকারীদের পূর্ণাঙ্গ ও অনুশোচনামূলক শাস্তি দাবি করে। এ লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইরানের কর্মকর্তারা দৃঢ়ভাবে তাদের সর্বোচ্চ নেতা ও জনগণের পাশে রয়েছেন।

অন্যদিকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত লড়াই চলবে বলে ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী।

গতকাল ইরানের সামরিক বাহিনীর খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কর্মকর্তা আলী আবদুল্লাহি আলিয়াবাদি বলেন, ইরানের অখণ্ডতা রক্ষায় দেশটির শক্তিশালী সশস্ত্র বাহিনী গর্বিত, বিজয়ী এবং অবিচল। পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই পথচলা অব্যাহত থাকবে।

এ পরিস্থিতিতে সোমবার মধ্যরাত থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত ইসরাইলের দিকে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে তেল আবিব, উত্তর ইসরাইলের শহর নাজর ও হাইফা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটি। এ পর্যন্ত ইরানের হামলায় ইসরাইলে চার হাজার ৮২৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইরানেও ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। সোমবার রাতের দিকে ইরানে ইসরাইলি বিমানবাহিনী ৫০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইসরাইলের দাবি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল ও অন্যান্য সামরিক স্থাপনায় এসব হামলা চালানো হয়েছে।

ইরাকের আনবার প্রদেশে শিয়া পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) একটি অবস্থান লক্ষ্য করে চালানো বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হন। তাদের মধ্যে পিএমএফের আনবার অঞ্চলের অপারেশনস কমান্ডারও রয়েছেন। এ হামলার জন্য তারা যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে।

অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন অভিযানে অংশ নেওয়া বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ সোমবার গ্রিসের ক্রিট দ্বীপের একটি নৌঘাঁটিতে ফিরেছে। রণতরীটি গত ফেব্রুয়ারিতে সৌদা বে থেকে খাবার, জ্বালানি ও গোলাবারুদ সংগ্রহ করে। তবে ১২ মার্চ জাহাজটির একটি লন্ড্রি রুমে অগ্নিকাণ্ডে ক্রু দলের দুই সদস্য আহত হন।

এদিকে ট্রাম্পের হামলা স্থগিত করার ঘোষণার পর তেলের দাম কিছুটা কমে ৯৬ ডলারে নেমে আসে। তবে মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ছিল প্রায় ১০৩ ডলার।

হরমুজ প্রণালি বন্ধ, ইরানও লড়ছে সমানতালে- এ অবস্থায় বেশ বেকায়দায় রয়েছেন ট্রাম্প। তিনি ইঙ্গিত দেন, তাকে যুদ্ধের জন্য প্ররোচিত করেছে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তার এ মন্তব্য নিজের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে সোমবার ‘সেফ টাস্ক ফোর্সের’ এক গোলটেবিল বৈঠকে ট্রাম্প বলেন, আমি পিটকে ডাকলাম, জেনারেল কেইনকে ডাকলাম। আমাদের আরো অনেক দক্ষ মানুষকে ডেকে বললাম, আসুন আলোচনা করি। মধ্যপ্রাচ্যে আমাদের একটি সমস্যা আছে। ইরান নামের দেশটি ৪৭ বছর ধরে সন্ত্রাস ছড়াচ্ছে। তারা এখন পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে। আমরা চাইলে পরিস্থিতি আরো জটিল হতে দিতে পারি, অথবা মধ্যপ্রাচ্যে একটি ছোট অভিযানের মাধ্যমে এই বড় সমস্যার সমাধান করে ফেলতে পারি।

এ সময় হেগসেথের দিকে তাকিয়ে ট্রাম্প বলেন, পিট, আমার মনে হয় আপনিই প্রথম মুখ খুলেছিলেন। আপনিই বলেছিলেন, চলুন শুরু করি। কারণ, তাদের হাতে কিছুতেই পারমাণবিক অস্ত্র আসতে দেওয়া যাবে না।

যুদ্ধের ২৫তম দিনে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের নতুন প্রধান হিসেবে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহাম্মদ বাকের জুলকাদরকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সম্প্রতি নিহত হওয়া আলী লারিজানির স্থলাভিষিক্ত হলেন।

লেবানন ফ্রন্টেও যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। দেশটিতে ইসরাইল তীব্র হামলা চালাচ্ছে। সম্প্রতি লাইতানি নদীর একটি সেতুতে হামলা চালায় তেল আবিব। এছাড়া দেশটির বিভিন্ন স্থানে নির্বিচার হামলা চালানো হচ্ছে। এসব হামলায় হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১০ লাখের কাছাকাছি মানুষ।

ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও ইসরাইলে হামলা অব্যাহত রেখেছে। ফলে লেবানন ও ইসরাইলের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।

এমন পরিস্থিতিতে গতকাল লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা শেইবানিকে দেশ ছাড়তে বলেছে বৈরুত। যা এই যুদ্ধে উত্তেজনা আরো বাড়াতে পারে।

এমআর/টিকে 

মন্তব্য করুন