মধ্যপ্রাচ্যে আরও ৩ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত
০৭:৪০ এএম | ২৫ মার্চ, ২০২৬
ইরানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন কূটনৈতিক আলোচনার পথ খুঁজছে, ঠিক সেই মুহূর্তেই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করার পরিকল্পনা নিয়েছে পেন্টাগন। এই পরিকল্পনার অংশ হিসেবে ওই অঞ্চলে অতিরিক্ত কয়েক হাজার মার্কিন সেনা পাঠানো হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।
আল-জাজিরা এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিশেষায়িত ৮২তম এয়ারবর্ন ডিভিশন' এর তিন ব্যাটালিয়ন থেকে প্রায় ৩ হাজার সেনাকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হতে পারে। তবে এই বিপুল সংখ্যক সেনাকে মধ্যপ্রাচ্যের ঠিক কোন দেশে পাঠানো হবে এবং কবে নাগাদ তারা সেখানে গিয়ে পৌঁছাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
নতুন করে এ সেনা পাঠানোর মূল লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিদ্যমান বিশাল সামরিক উপস্থিতিকে আরও শক্তিশালী করা। স্পর্শকাতর এ সামরিক পদক্ষেপের বিষয়ে জানতে মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা সরাসরি কোনো উত্তর না দিয়ে হোয়াইট হাউসের সঙ্গে কথা বলার পরামর্শ দেয়। অন্যদিকে, হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
তথ্যসূত্র: আলজাজিরা