লাইন উপেক্ষা করে গ্যালনে তেল সরবরাহ, মহাখালীতে ভোগান্তিতে ভোক্তারা
ছবি: বাংলাদেশ টাইমস
০২:২৮ পিএম | ২৫ মার্চ, ২০২৬
রাজধানীর মহাখালী এলাকায় অবস্থিত গুলশান সার্ভিস স্টেশন নামের একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহে অনিয়মের অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা শত শত মোটরসাইকেল ও প্রাইভেট কার ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেও, সেই লাইন উপেক্ষা করে গ্যালনে তেল সরবরাহ করা হচ্ছে।
স্টেশনটির সামনে সকাল থেকেই কয়েকশো যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। লাইনে থাকা চালকদের অভিযোগ, নির্ধারিত নিয়মে অপেক্ষা করেও তারা সময়মতো তেল পাচ্ছেন না। অন্যদিকে, লাইনের বাইরে থেকে আসা কিছু ব্যক্তিকে বারবার গ্যালনে তেল দেওয়া হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
ভুক্তভোগী একাধিক বাইকার ও প্রাইভেট কারচালক বলেন, “আমরা দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু নিয়ম না মেনে গ্যালনে তেল দেওয়া হচ্ছে। এতে আমাদের ভোগান্তি বাড়ছে।”
এ বিষয়ে ফিলিং স্টেশনের ক্যাশিয়ারের দায়িত্বে থাকা কবির জানান, কিছু ‘ক্রেডিট পার্টি’ এবং বিভিন্ন দূতাবাসের গাড়ির জন্য জরুরি ভিত্তিতে গ্যালনে তেল সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, “আমাদের এখানে প্রায় ৩৫টি দূতাবাসের গাড়ি জ্বালানি নেয়। জরুরি প্রয়োজন বিবেচনায় তাদের গ্যালনে তেল দেওয়া হচ্ছে।”
তবে সরেজমিনে কোনো দূতাবাসের গাড়ি দেখা যায়নি। এ বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে গাড়ি নষ্ট থাকলে গ্যালনে করে তেল দেওয়া হয়। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি, কিছু ক্ষেত্রে গাড়িতে তেল নেওয়ার পরও অতিরিক্ত গ্যালনে তেল সরবরাহ করা হচ্ছে।
এ ধরনের অনিয়মে সাধারণ চালকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। দ্রুত বিষয়টি সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
টিকে/