© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুদকের মামলায় সাবেক এমপি মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার দেখানোর আবেদন

শেয়ার করুন:
দুদকের মামলায় সাবেক এমপি মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার দেখানোর আবেদন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩১ পিএম | ২৫ মার্চ, ২০২৬
মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় এক-এগারোর সময়ের আলোচিত সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখানোর আবেদন করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

আজ বুধবার (২৫ মার্চ) মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ এই আবেদন করেন।

আসামির উপস্থিতিতে এ সংক্রান্ত আবেদনের ওপর শুনানির জন্য আগামী ৯ এপ্রিল তারিখ ধার্য করেছেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মঈনউদ্দীন চৌধুরী। এ তথ্য নিশ্চিত করেন দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি।

এর আগে, মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর পল্টন থানার মানবপাচার সংক্রান্ত এক মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরও আগে, সোমবার (২৩ মার্চ) রাতে রাজধানীর বারিধারা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশের ভাষ্য মতে, তার বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। যার মধ্যে ফেনী জেলায় ৬টি, আর ঢাকা মহানগর এলাকায় ৫টি।

টিজে/টিকে 

মন্তব্য করুন