© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দিনটি গণহত্যা দিবস হওয়ায় জন্মদিন উদযাপন করি না : ফারুক আহমেদ

শেয়ার করুন:
দিনটি গণহত্যা দিবস হওয়ায় জন্মদিন উদযাপন করি না : ফারুক আহমেদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২১ পিএম | ২৫ মার্চ, ২০২৬
জনপ্রিয় অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব ফারুক আহমেদ। ১৯৬০ সালের ২৫ মার্চ মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। শিশুকাল থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী এ অভিনেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিভাগে অধ্যয়নকালেই মঞ্চে অভিনয় শুরু করেন।

আজ বুধবার (২৫ মার্চ) ফারুক আহমেদের জন্মদিন। দিনটি কখনো উদ্‌যাপন করেননি এই অভিনেতা। নিজে ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আজ ২৫ মার্চ আমার জন্মদিন। ঘটনা সত্য। ছোটবেলায় আমাদের বাড়িতে জন্মদিন পালনের কোনো রেওয়াজ ছিলো না। তাই এই দিনটি নিয়ে আলাদা কোম অনুভূতি কাজ করতো না।’

তিনি আরও লিখেছেন, ‘যখন দেখলাম আত্মীয়, বন্ধু বান্ধবরা তাদের জন্মদিন ঘটা করে পালন করছে তখন জন্মদিনের আবেগ আমার ভিতরও কিছুটা চিলিক দিতে লাগলো। কিন্তু ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রি হওয়াতে আমি আমার জন্মদিন পালন করা থেকে বিরত থাকি। যারা আমার জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন তাদের সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।’



ফারুক আহমেদ বাংলাদেশের মঞ্চ ও টেলিভিশন নাটকে দীর্ঘ সময় ধরে সক্রিয়। তিনি হুমায়ূন আহমেদের নাটকে অভিনয়ের মাধ্যমে দেশব্যাপী পরিচিতি পান। তার প্রথম পরিচিতি আসে টিভি নাটক ‘আজ রবিবার’ দিয়ে। এ নাটকে তিনি মতি চরিত্রে দুর্দান্ত অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান।

১৯৮৩ সালে ফারুক আহমেদ ঢাকা থিয়েটারে যোগ দেন। সেখানে হুমায়ুন ফরিদী, আফজল হোসেন, সুবর্ণা মুস্তফা, শিমুল ইউসুফ, রাইসুল ইসলাম আসাদ, আহমেদ রুবেল এবং লিটু আনামসহ অন্যান্য প্রখ্যাত অভিনেতার সঙ্গে কাজ করেন।
তিনি প্রায় ২৫ বছর থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। তার অভিনীত উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে, ‘কীর্তনখোলা’, ‘প্রাচা’, ‘কেরামত মণ্ডল’, ‘চক্র’, ‘যাবতী কন্যা’।

এছাড়া তিনি ‘বদরাগী বদরুল’ ও ‘কিভাবে মৌ খাও’ নাটক দুটি পরিচালনাও করেছেন।

এবি/এসএন

মন্তব্য করুন