© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের অনুমতিতে হরমুজ প্রণালি পার হলো থাইল্যান্ডের তেলবাহী ট্যাংকার

শেয়ার করুন:
ইরানের অনুমতিতে হরমুজ প্রণালি পার হলো থাইল্যান্ডের তেলবাহী ট্যাংকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩২ পিএম | ২৫ মার্চ, ২০২৬
ইরানের কাছ থেকে অনুমতি নেওয়ার পর থাইল্যান্ডের তেলবাহী একটি ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। ট্যাংকারটির মালিকানাধীন প্রতিষ্ঠান ব্যাংচাক কর্পোরেশন এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ড ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনার পর থাই তেলবাহী একটি ট্যাংকার নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। 

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকেও সাংবাদিকদের বলেছেন, ‌‌‘‘আমি অনুরোধ করেছিলাম, থাই জাহাজগুলোর যদি এই প্রণালি দিয়ে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে তারা নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সহায়তা করতে পারবে কি না?’’

তিনি বলেন, ‘‘তারা ইতিবাচক সাড়া দিয়ে বলেছে, বিষয়টি দেখবে। আমাদের কাছে প্রণালিটি দিয়ে যাতায়াত করবে এমন জাহাজগুলোর নাম চেয়ে পাঠিয়েছে তারা।’’ এর আগে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের মনোনীত মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের একটি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালিতে আটকে দেয় ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার প্রণালি পার হওয়ার সময় জাহাজটি আটকানো হয়।

জ্বালানি পণ্য পরিবহনের জন্য আন্তর্জাতিক বাণিজ্যপথ হিসেবে হরমুজ প্রণালি খুবই গুরুত্বপূর্ণ। জ্বালানির বৈশ্বিক বাজারের এক পঞ্চমাংশ পণ্য এই পথ দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। ফলে জ্বালানির আন্তর্জাতিক বাজারে পণ্য সরবরহারে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, জ্বালানি তেলের দাম বাড়ছে এবং বিশ্বের বহু দেশ ইতোমধ্যে ভোগান্তিতে পড়েছে।

হরমুজ প্রণালিতে অবরোধের কারণে ইরান যুদ্ধ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। এ কারণে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে চাইছেন তিনি।

সূত্র: আল জাজিরা।

মন্তব্য করুন