এই ভূখণ্ডের মানুষ কখনো পরাজয় মানেনি : নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত
০৯:০৮ পিএম | ২৫ মার্চ, ২০২৬
গণতন্ত্রের স্বাভাবিক ধারাকে বাধাগ্রস্ত করে এ জাতির ওপর বারবার স্বৈরাচার ও ফ্যাসিবাদের অন্ধকার শাসন চাপিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, রাষ্ট্রকে দুর্বল করে বিদেশি শক্তির কাছে নতজানু করার অপচেষ্টা হলেও এই ভূখণ্ডের মানুষ কখনো পরাজয় মানেনি।
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের ইতিহাসে এক অনন্য গৌরবময় ও আত্মমর্যাদার দিন। গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদকে, যাঁদের অমর আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। একই সঙ্গে শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই নির্যাতিত বীরাঙ্গনাদের, যাঁদের ত্যাগ ও সাহস আমাদের জাতীয় ইতিহাসকে করেছে আরও মহিমান্বিত। স্বাধীনতার ৫৫তম বর্ষপূর্তিতে দেশে ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’
তিনি আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে হাজারো শহীদের আত্মদানের বিনিময়ে স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছে জাতি। একই সঙ্গে আমাদের গণতান্ত্রিক অধিকার ও জাতীয় আত্মমর্যাদা ফেরত এসেছে। ১৯৭১-এর স্বাধীনতা কেবল একটি ভূখণ্ডের অর্জন নয়; এটি ছিল ন্যায়, সাম্য, গণতন্ত্র ও মানবিক মর্যাদার ভিত্তিতে একটি রাষ্ট্র গঠনের অঙ্গীকার। স্বাধীনতার এত বছর পরও সেই অঙ্গীকার আজও পূর্ণ বাস্তবায়নের অপেক্ষায়।
বিরোধীদলীয় চিফ হুইপ তার বাণীতে উল্লেখ করেন, ‘আজকের এই মহান দিনে আমাদের দৃঢ় অঙ্গীকার– শহীদদের রক্তের ঋণ শোধ করতে আমরা গড়ে তুলবো একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা। দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে আমরা এগিয়ে যাব একটি আধুনিক, উন্নত ও মানবিক বাংলাদেশের পথে– যেখানে প্রতিটি নাগরিকের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা সমানভাবে নিশ্চিত থাকবে।’
নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সত্যিকারের আকাঙ্ক্ষা হৃদয়ে ধারণ করে সত্য, ন্যায়, সাহস ও দেশপ্রেমের আদর্শে নিজেদের গড়ে তুলতে হবে। আমাদের হাতেই রচিত হবে আগামীর বাংলাদেশ। পরিশেষে তিনি মহান আল্লাহ তা’আলার নিকট দেশের শান্তি, সমৃদ্ধি, নাগরিক সর্বাঙ্গীণ কল্যাণ ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।
এসএন