© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মায়ের স্মৃতিতে কালরাতের বিভীষিকাময় অভিজ্ঞতা শোনালেন জয়া

শেয়ার করুন:
মায়ের স্মৃতিতে কালরাতের বিভীষিকাময় অভিজ্ঞতা শোনালেন জয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৪ পিএম | ২৫ মার্চ, ২০২৬
বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের ২৫ মার্চ এক বিভীষিকাময় ভয়াল কালরাত নেমে এসেছিল। এদিন ‘অপারেশন সার্চলাইট’ নামে কুখ্যাত অভিযানে নিরীহ বাঙালির উপর গণহত্যা চালায় পাকিস্তানি হানাদারবাহিনী। মায়ের স্মৃতিতে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

বুধবার (২৫ মার্চ) দুপুরে জয়া নিজের ফেসবুক দেয়ালে তার মায়ের স্মৃতিতে ২৫ মার্চের অভিজ্ঞতা তুলে ধরে একটি পোস্ট করেন।



জয়া লেখেন, ‘আমার মায়ের তখন নবীন যুবাবয়স। গান করতেন, লাকী আখন্দের তদারকিতে। সেদিন রাতের বেলায় তিনি গান করতে গেছেন বাংলাদেশ টেলিভিশনে। দেশাত্ববোধক গানের তখন অন্য রকম শক্তি, অন্য রকম আলো। লাকী আখন্দ, শম্পা রেজা আর আমার ছোট খালা-ছোট মামাসহ নানা গাইয়েরাও সঙ্গে আছেন। হঠাৎ খবর পৌঁছাল, গভীর রাতে ভয়ানক কিছু ঘটতে চলেছে।’



কালরাতে মায়ের আতঙ্ক নিয়ে লেখেন, ‘মা বেরিয়ে দেখেন, পথে পাকিস্তানি মিলিটারি গিজগিজ করছে। আতঙ্কে অস্থির হয়ে কোনো রকমে একটা স্কুটার খুঁজে বাড়িতে পৌঁছল মা। এরপর এল ইতিহাসের ভয়ংকর সেই রাত। ২৫ মার্চ ১৯৭১। এমন অকল্পনীয় জেনোসাইড পৃথিবী কমই দেখেছে।’

বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেয়ার চেষ্টায় এই গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তারপর নয় মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা। তাই এই স্মৃতি প্রত্যেকটি বাঙালির হৃদয়ে অক্ষুণ্ণ থাকবে বলে জানান জয়া আহসান।




সর্বশেষ মুক্তিযুদ্ধের শহীদদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, ‘এই জেনোসাইডের স্মৃতি আমাদের ইতিহাসের সঙ্গে মিশে আছে। যতদিন বাংলাদেশ আছে, তত দিন এর স্মৃতি আমাদের অন্তরে জেগে থাকবে। মুক্তিযুদ্ধের শহীদদের বিনম্র শ্রদ্ধা।

এসএন 

মন্তব্য করুন