© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় আরও ১ গেটম্যান গ্রেপ্তার

শেয়ার করুন:
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় আরও ১ গেটম্যান গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৬ এএম | ২৬ মার্চ, ২০২৬
কুমিল্লায় ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় করা মামলায় কাউসার (২০) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে দাবিতে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৫ মার্চ) সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কাউসার দিনাজপুরের আবদুস সালামের ছেলে। লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় অভিযান চালিয়ে মামলার এক নম্বর আসামি হেলাল উদ্দীনকে কুমিল্লার শশীদল এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে ওসি জসীম উদ্দিন বলেন, ঈদের দিন পদুয়ার বাজার রেলগেইটে দায়িত্বপ্রাপ্ত গেইটম্যান হেলাল উদ্দীন ও মেহেদী হাসান দায়িত্ব পালন না করে এক হাজার টাকায় বদলি হিসেবে অস্থায়ী গেটম্যান কাউসার ও স্থায়ী গেটম্যান নাজমুলকে ঠিক করেন। যাদের সেদিন ডিউটিই ছিল না।

কাউসার ও নাজমুল ওই রাতে পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ের গেটম্যানের কক্ষে থাকলেও তারা রাত পৌনে ৩টায় ঢাকা মেইল ট্রেন আসার আগে গেইট বন্ধ করেননি। তবে কেন তারা সেটি করেননি, তা নিয়েও তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে সোমবার (২৩ মার্চ) পদুয়ার বাজার রেলক্রসিংয়ের গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদি হাসানকে আসামি করে লাকসাম রেলওয়ে থানায় মামলা করেন আহত বাসযাত্রী শেফালী আক্তার। শেফালী দুর্ঘটনায় নিহত সোহেল রানার খালা। তার বাড়ি কুমিল্লার লাকসামে।

প্রসঙ্গত, গত শনিবার (২১ মার্চ) রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া 'ঢাকা মেইল' ট্রেন। এতে ১২ জন নিহত এবং অন্তত ২৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এসকে/টিকে

মন্তব্য করুন