সংসদে সংস্কার বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত
০২:৪৬ পিএম | ২৬ মার্চ, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানকে অস্বীকার করা হচ্ছে। সংস্কার যদি সংসদে বাস্তবায়ন না হয়, তবে তা মাঠে গড়াবে এবং রাজনৈতিকভাবেই এর ফয়সালা হবে। সংস্কার ও বিচার- দুটিই নিশ্চিত করতে হবে। বিচারপতি মানিক, ইনু ও মেনন- যারা ভারতের সঙ্গে মিলে শেখ হাসিনার বৈধতা তৈরি করেছিল- তাদের বিভিন্ন মামলায় জামিন দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বুধবার শহীদ মিনারে “জয় বাংলা” স্লোগান দেওয়া হয়েছিল। শহীদ পরিবার এবং আমাদের আহত ভাইদের এখনো আমরা বিচার দিতে পারিনি। এমন পরিস্থিতিতে সরকারের তত্ত্বাবধানে যখন “জয় বাংলা” স্লোগান দেওয়া হয়, তখন এটি আমাদের মধ্যে আশঙ্কা তৈরি করে-নির্বাচনটি ভারতের সঙ্গে কোনো সমঝোতার মাধ্যমে হয়েছে কি-না।
আওয়ামী লীগের সঙ্গেও কোনো সমঝোতা হয়েছে কি-না, সে প্রশ্ন ওঠে। আমরা সরকারকে এই অবস্থান থেকে সরে আসার আহ্বান জানাই।’
তিনি আরও বলেন, ‘সরকারের দায়িত্ব হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠী থাকলে তাদের দমন করা। আমরা সরকারকে আহ্বান জানাই- আওয়ামী লীগের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার- এই দুটি বিষয় বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। যদি তা না হয়, তাহলে আমাদের আবার মাঠে নামতে হতে পারে। অনেকেই প্রশ্ন করেন, আমাদের ডাকে মানুষ মাঠে নামবে কি-না। আমি বলি, মানুষ প্রস্তুত আছে- নীরবে অপেক্ষা করছে। শুধু আহ্বান পেলেই মানুষ মাঠে নামবে।’
এমআই/টিকে