© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শ্রেয়া ঘোষালের পারিশ্রমিক ঘিরে নতুন বিতর্ক!

শেয়ার করুন:
শ্রেয়া ঘোষালের পারিশ্রমিক ঘিরে নতুন বিতর্ক!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০২ পিএম | ২৬ মার্চ, ২০২৬
ভারতীয় সংগীতজগতে বহু ভাষার শ্রোতার কাছে সমান জনপ্রিয় শ্রেয়া ঘোষাল। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে একের পর এক জনপ্রিয় গান উপহার দেওয়া এই শিল্পীকে ঘিরে এবার আলোচনার কেন্দ্রবিন্দু তাঁর পারিশ্রমিক। সম্প্রতি একটি অনুষ্ঠানে তাঁর নেওয়া পারিশ্রমিকের অঙ্ক সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনুরাগীদের একাংশের মধ্যে তৈরি হয়েছে বিস্ময়, আবার কেউ কেউ প্রকাশ করেছেন ক্ষোভ।

সম্প্রতি ‘গাদ্দার ফিল্ম অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে গান পরিবেশন করেন শ্রেয়া। অনুষ্ঠান শেষে সমাজমাধ্যমে একটি বিলের চিত্র দ্রুত ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়, ওই অনুষ্ঠানের জন্য তাঁর পারিশ্রমিক ছিল এক কোটি ষাট লাখ রুপি। যদিও সেই তথ্যের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হয়নি, তবু অঙ্কটি সামনে আসার পর থেকেই শুরু হয় আলোচনা এত বড় মাপের শিল্পীর জন্য এই পরিমাণ কি যথেষ্ট?

শ্রেয়ার অনুরাগীদের অনেকে মনে করছেন, বর্তমানে যে সব প্রথম সারির শিল্পী সরাসরি মঞ্চের অনুষ্ঠানে অংশ নিয়ে দশ থেকে পনেরো কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নেন, সেখানে শ্রেয়ার মতো প্রতিষ্ঠিত কণ্ঠশিল্পীর প্রাপ্য আরও বেশি হওয়া উচিত। কারণ শুধু হিন্দি নয়, বাংলা, তেলুগু, তামিল, মরাঠি, পাঞ্জাবি, কন্নড় ও মালয়ালম বহু ভাষায় তাঁর গাওয়া গান সমানভাবে জনপ্রিয় হয়েছে।



আলোচনায় আরও উঠে এসেছে, যে অঙ্কটি সামনে এসেছে তা নাকি শুধু শিল্পীর ব্যক্তিগত পারিশ্রমিক, এর মধ্যে মঞ্চে থাকা বাদ্যযন্ত্রী, সহশিল্পী বা নৃত্যদলের ব্যয় ধরা হয়নি। তবু অনেকের বক্তব্য, তাতেও শ্রেয়ার অবস্থানের তুলনায় অঙ্কটি কম বলেই মনে হয়। বিশেষ করে তেলুগু গানের শুরু থেকেই তাঁর একাধিক গান জনপ্রিয় হওয়ায় দক্ষিণের শ্রোতাদের মধ্যেও তাঁর গ্রহণযোগ্যতা অনেক গভীর।

সিনেমার গানের ক্ষেত্রেও শ্রেয়া দীর্ঘদিন ধরেই শীর্ষ পারিশ্রমিকপ্রাপ্ত শিল্পীদের একজন বলে পরিচিত। বিভিন্ন মহলে প্রচলিত ধারণা, একটি গানের জন্য তিনি প্রায় পঁচিশ লাখ রুপি পর্যন্ত পারিশ্রমিক নেন। তবে এ বিষয়ে তিনি নিজে কখনও প্রকাশ্যে মন্তব্য করেননি।

কিছুদিন আগেই কাজের ব্যস্ততার ভেতর থেকে সাময়িক বিরতির ইচ্ছার কথাও জানিয়েছিলেন শ্রেয়া। সেই প্রসঙ্গের পরপরই তাঁর পারিশ্রমিক নিয়ে নতুন এই আলোচনা যেন অনুরাগীদের কাছে আরেকটি প্রশ্ন তুলে দিয়েছে এত দীর্ঘ সাফল্যের পরও কি নিজের প্রাপ্য মূল্য পুরোটা নিচ্ছেন না এই শিল্পী?

পিআর/টিকে

মন্তব্য করুন