নীলফামারীতে বিএনপি-জামায়াত উত্তেজনা, অনুষ্ঠান বর্জন করলেন এমপি
ছবি: সংগৃহীত
০৫:৩৫ পিএম | ২৬ মার্চ, ২০২৬
নীলফামারীর ডোমারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্যের নাম ঘোষণা না করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
এক পর্যায়ে অনুষ্ঠান বর্জন করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
বৃহস্পতিবার (২৬শে মার্চ) সকালে ডোমার হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই বিশৃঙ্খলা ঘটে।
জামায়াত নেতাদের অভিযোগ, অনুষ্ঠানের সঞ্চালনা করছিলেন বিএনপির স্থানীয় এক নেতা। তিনি উদ্দেশ্যমূলকভাবে প্রধান অতিথি ও জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তারের নাম ঘোষণা করেননি। এ সময় সংসদ সদস্য অনুষ্ঠানস্থল ত্যাগ করতে গেলে বিএনপির একাংশ তাকে লক্ষ্য করে রাজাকার ও স্বাধীনতাবিরোধী স্লোগান দেয়। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক মাসুদ বিন আমিন সুমন বলেন, উপজেলা প্রশাসনের স্ক্রিপ্টে প্রধান অতিথির নাম আলাদা করে ছিল না।
তবে সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তারের দাবি, জাতীয় এই আয়োজনে দলীয় নেতাকর্মীদের পরিবর্তে সরকারি কর্মকর্তাদের দিয়ে সঞ্চালনা করা উচিত ছিল। ভবিষ্যতে এমন অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
ইউটি/টিএ