© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বাধীনতা দিবসে দাওয়াত পেলেন না জীবিত বীর প্রতীক

শেয়ার করুন:
স্বাধীনতা দিবসে দাওয়াত পেলেন না জীবিত বীর প্রতীক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২১ পিএম | ২৬ মার্চ, ২০২৬
লালমনিরহাটের একমাত্র জীবিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতীককে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় জেলায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে দেওয়া এক সাক্ষাৎকারে দাওয়াত না পাওয়ার কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন আজিজুল হক বীর প্রতীক।

জানা যায়, মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য সরকার ৪২৬ জনকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করে। লালমনিরহাটের বাসিন্দা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আজিজুল হক তাদের একজন। প্রতি বছর স্বাধীনতা দিবসহ জাতীয় দিবসে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সরকারি অনুষ্ঠানে দাওয়াত জানানো হয়। সেখানে সম্মাননা, ফুলেল শুভেচ্ছা ও আপ্যায়নের ব্যবস্থা থাকে।

অভিযোগ উঠেছে, এ বছর সেই তালিকা থেকে বাদ পড়েছেন বীর প্রতীক আজিজুল হক। স্বাধীনতার পর থেকে নিয়মিত দাওয়াত পেলেও এবার জেলা বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়নি।

শুধু তাই নয়, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক গেরিলা লিডার বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানুকেও দাওয়াত করা হয়নি।

আজিজুল হক বীর প্রতীক বলেন, স্বাধীনতার পর এই প্রথম আমাকে দাওয়াত দেওয়া হয়নি। এর কারণও আমার জানা নেই। প্রতি বছর সরকারি কর্মসূচিতে অংশ নিলেও এবার যেতে না পারায় নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, যা আমার জন্য বিব্রতকর। এস এম শফিকুল ইসলাম কানু বলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডকেও দাওয়াত করা হয়নি। জেলায় একমাত্র জীবিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে বাদ দেওয়া লজ্জাজনক এবং এর প্রতিবাদ জানাই আমরা।

এ বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক (ডিসি) এইচ এম রকিব হায়দার বলেন, মুক্তিযোদ্ধাদের মাধ্যমে সব বীর মুক্তিযোদ্ধাকে দাওয়াত পাঠানো হয়েছে। বীর প্রতীককে দাওয়াত না পাওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে হবে। 

তিনি আরও বলেন, এ বিষয়ে বিভিন্নজন বিভিন্ন কথা বলতেই পারেন।


ইউটি/টিএ

মন্তব্য করুন