কুচকাওয়াজ দেখে মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন শুভেচ্ছা
ছবি: সংগৃহীত
০৭:২১ পিএম | ২৬ মার্চ, ২০২৬
স্বাধীনতা ও জাতীয় দিবসে কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার দুপুর জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ দেখেন সরকারপ্রধান। বিদায়ের আগে তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।
এবারের কুচকাওয়াজ দেশপ্রেম, শৃঙ্খলা ও সামরিক সক্ষমতার এক অনন্য প্রদর্শনীতে পরিণত হয়। এমন চমৎকার আয়োজনে মুগ্ধতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আমিও সশস্ত্র বাহিনীর ফ্যামিলিরই সন্তান। আমি যেটা মনে করি, আমাদের সকলের দায়িত্ব আছে, সশস্ত্র বাহিনীকে আমরা আরও শক্তিশালী করতে চাই। “সশস্ত্র বাহিনী যে কারণে গঠিত হয়েছে, সেটা দেশকে নিয়ে। আমরা সেটিকেই গুরুত্ব দিতে চাই।”
সামরিক বাহিনীর কর্মকর্তাদের প্রধানমন্ত্রী বলেন, “সবাই ভালো থাকবেন। আমরা যেন সবাই দেশের জন্য কাজ করি।” প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং জাতীয় কুচকাওয়াজের প্যারেড কমান্ডার নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এবি/টিএ