পদ্মায় বাসডুবির ঘটনায় জিএম কাদেরের শোক
ছবি: সংগৃহীত
০৭:২২ পিএম | ২৬ মার্চ, ২০২৬
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাসের নদীতে পড়ে যাওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
বৃহস্পতিবার (২৬ মার্চ) এক শোক বার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় জিএম কাদের বলেন, ‘শোকসন্তপ্ত পরিবারগুলোকে এ শোক সহ্য করার শক্তি দান করুন, পরম করুনাময় আল্লাহর কাছে এ প্রার্থনা করি। এখন পর্যন্ত জানামতে, ওই দুর্ঘটনায় ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং বেশ কিছু মানুষ নিখোঁজ আছেন।’
এছাড়াও বিভিন্ন তথ্যে চিত্রে এবারের ঈদুল ফিতরের আগে ও পরে সারা দেশে দুর্ঘটনায় সড়ক, নৌ ও রেলপথে অন্তত ২০৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ শতাধিক মানুষ। গত ১৭ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত ৮ দিনে এসব দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
জিএম কাদের বলেন, ‘যেকোনো দুর্ঘটনাই বেদনাদায়ক। জনগণ যাতে করে নির্বিঘ্নে সড়ক, নৌ ও রেলপথে যাতায়াত করতে পারে- সেটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সে দায়িত্ব পালনে সরকারের সক্ষমতা এখন প্রশ্নবিদ্ধ। ইতোপূর্বে আমরা দেখেছি দুর্ঘটনা মোটামুটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। সে অবস্থান থেকে এখন পর্যন্ত কোনো উন্নতি লক্ষ করা যাচ্ছে না। এ বিষয়ে তিনি নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।’
জাতীয় পার্টির চেয়ারম্যান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যথোপযুক্ত ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার দাবি জানান।
ইউটি./টিএ