‘ধুরন্ধর ২’-এর শুটিংয়ে আবেগে ভাসলেন সঞ্জয়ের স্কুলের প্রধান শিক্ষক!
ছবি: সংগৃহীত
১০:২৩ পিএম | ২৬ মার্চ, ২০২৬
রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’ এখন শুধু বক্স অফিসের সাফল্য নিয়েই আলোচনায় নেই, ছবির শুটিং ঘিরে উঠে এসেছে আরেকটি আবেগঘন গল্পও। হিমাচলপ্রদেশের পাহাড়ঘেরা ঐতিহ্যবাহী দ্য লরেন্স স্কুলে ছবির গুরুত্বপূর্ণ অংশের দৃশ্যধারণ হয়, আর সেই কারণেই নতুন করে আলোচনায় এসেছে বিদ্যালয়টি। কারণ এই স্কুলের সঙ্গে জড়িয়ে আছে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত এর ব্যক্তিগত স্মৃতি।

ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা সঞ্জয় দত্ত এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র। ফলে ‘ধুরন্ধর ২’-এর শুটিং যখন সেখানে শুরু হয়, তখন পুরো পরিবেশে তৈরি হয় এক ধরনের নস্টালজিয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিম্মত সিং ধিলোঁ জানিয়েছেন, শুটিং চলাকালে শিক্ষার্থীদের জন্য এটি ছিল এক ব্যতিক্রমী অভিজ্ঞতা। তাঁদের চোখের সামনে বড় তারকাদের কাজ দেখা যেমন আনন্দের ছিল, তেমনি বিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে থাকা পুরোনো স্মৃতিও যেন নতুন করে ফিরে আসে।
বিদ্যালয়ের সবুজে ঘেরা শান্ত পরিবেশ ছবির দৃশ্যায়নে আলাদা মাত্রা যোগ করেছে। পাহাড়ি প্রকৃতি, পুরোনো স্থাপত্য আর ঐতিহ্যবাহী আবহ ছবির দৃশ্যকে আরও গভীর করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগেও ‘ধুরন্ধর’-এর প্রথম পর্বের কিছু অংশ একই স্থানে ধারণ করা হয়েছিল, তবে এবার সিক্যুয়েলের সঙ্গে বিদ্যালয়ের সম্পর্ক আরও নিবিড় হয়েছে।

শুটিং চলাকালে পরিচালক আদিত্য ধর এবং অভিনেত্রী ইয়ামি গৌতম-ও বিদ্যালয়ের পরিবেশে সময় কাটান। প্রধান শিক্ষক জানিয়েছেন, তাঁরা বিদ্যালয়ের নীরবতা ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন। অন্যদিকে রণবীর সিং শুটিংয়ের ফাঁকে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন বলেও জানা গেছে।
১৮৪৭ সালে প্রতিষ্ঠিত এই আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান ভারতের অন্যতম প্রাচীন সহশিক্ষা বোর্ডিং স্কুল। শুধু সঞ্জয় দত্ত নন, এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের তালিকায় আছেন সুনীল দত্ত, নার্গিস, বলরাজ সাহনি, প্রীতি জিন্টা, সইফ আলি খান এবং পূজা বেদি। ফলে ‘ধুরন্ধর ২’-এর শুটিং যেন শুধু একটি ছবির কাজ নয়, বলিউডের এক দীর্ঘ স্মৃতির সঙ্গে নতুন সংযোগও তৈরি করল।

এদিকে মুক্তির প্রথম সপ্তাহেই ‘ধুরন্ধর ২’ বিশ্বজুড়ে হাজার কোটির আয়ের মাইলফলক ছুঁয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি ছবির এই আবেগঘন শুটিং-গল্প দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
পিআর/এসএন