© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বোমানের মন্তব্যে রেগে গিয়ে কী বললেন অভিনেত্রী মান্দানা?

শেয়ার করুন:
বোমানের মন্তব্যে রেগে গিয়ে কী বললেন অভিনেত্রী মান্দানা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫১ পিএম | ২৬ মার্চ, ২০২৬
পশ্চিম এশিয়ার রাজনৈতিক টানাপোড়েন ঘিরে এবার সামাজিক মাধ্যমে মুখোমুখি অবস্থানে দেখা গেল বোমান ইরানি ও মান্দানা করিমিকে। একটি ব্যঙ্গাত্মক ভিডিও ঘিরে শুরু হওয়া এই বিতর্ক দ্রুতই আলোচনায় চলে আসে।

সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন বোমান ইরানি। সেখানে তিনি রসিকতার ভঙ্গিতে বলেন, ডোনাল্ড ট্রাম্প যদি তাঁর বাড়িতে আসেন এবং সঙ্গে একটি বড় গ্যাস সিলিন্ডার নিয়ে আসেন, তবে তিনি নিজ হাতে পারসি খাবার রান্না করে খাওয়াবেন। একই সঙ্গে ‘ইরানি’ পদবী থাকা কয়েকজনকে নিয়ে মজার ছলে বলেন, এখন যেহেতু ট্রাম্প ইরানিদের সঙ্গে কথা বলতে চান, তাই স্মৃতি ইরানি, অরুণা ইরানি এবং তিনি নিজেও প্রস্তুত।

ভিডিওটি অনেকের কাছে হাস্যরসের মনে হলেও বিষয়টি ভালোভাবে নেননি মান্দানা করিমি। মন্তব্যঘরে সরাসরি বোমানকে প্রশ্ন করেন তিনি। তাঁর অভিযোগ, বহু বছর ধরে ইরানের মানুষ গ্রেফতার, নির্যাতন ও মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছেন, অথচ তখন বোমান নীরব ছিলেন। এখন এমন সংবেদনশীল একটি বিষয় নিয়ে ব্যঙ্গ করার কারণ কী সেই প্রশ্নই তুলেছেন তিনি।

মান্দানা লেখেন, ইরানের বহু পরিবার ভেঙে গেছে, অসংখ্য মানুষ জীবন হারিয়েছেন, আর সেই বাস্তবতার মধ্য দিয়ে তিনিও ব্যক্তিগতভাবে গিয়েছেন। তাঁর মতে, এমন পরিস্থিতিতে হঠাৎ করে রাজনৈতিক প্রসঙ্গকে রসিকতায় টেনে আনা সংবেদনশীলতার অভাব প্রকাশ করে।



আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, যখন মানুষ মরছিল তখন অনেকে চুপ ছিলেন, কিন্তু এখন আন্তর্জাতিক রাজনীতি, গ্যাস আর আলোচনার প্রসঙ্গ এনে ব্যঙ্গ করা হচ্ছে। এই অবস্থান তাঁর কাছে বিস্ময়কর বলেও উল্লেখ করেন।

যদিও এই মন্তব্যের কোনো সরাসরি জবাব দেননি বোমান ইরানি। তবে তাঁর অনুরাগীদের একাংশ মান্দানাকে পাল্টা জানায়, ভিডিওটি নিছকই মজা হিসেবে করা হয়েছিল। অন্যদিকে কেউ কেউ মান্দানার অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। উত্তরে মান্দানা জানান, তিনি এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন যা বাইরে থেকে পুরোপুরি বোঝা সম্ভব নয়।

রাজনীতি, ব্যক্তিগত অভিজ্ঞতা ও তারকাদের মন্তব্য এই তিনের মিশেলে সামাজিক মাধ্যমে নতুন এই বিতর্ক এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

পিআর/এসএন

মন্তব্য করুন