© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

শেয়ার করুন:
কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৪ পিএম | ২৬ মার্চ, ২০২৬
উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাতজনিত বিশেষ পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতায় ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৬’ উদ্‌যাপিত হয়েছে।

চলমান আঞ্চলিক বাস্তবতায় জননিরাপত্তা নিশ্চিত করতে কুয়েত সরকারের জনসমাগমের ওপর আরোপিত সতর্কতামূলক বিধিনিষেধের কারণে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে সীমিত পরিসরে দিবসটি পালন করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন।

পতাকা উত্তোলন শেষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাণী পাঠের পর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন তার বক্তব্যে গভীর শ্রদ্ধার সাথে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ, বীরাঙ্গনা এবং বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। তিনি বলেন, ‘উপসাগরীয় অঞ্চলে চলমান এই বিশেষ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সহায়তা প্রদান করা দূতাবাসের অন্যতম প্রধান দায়িত্ব।’

তিনি দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীকে আরও আন্তরিকতা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসকে/টিএ

মন্তব্য করুন