© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চিতলমারীতে ২ পক্ষের সংঘর্ষে আহত ১৫, নিহত ১

শেয়ার করুন:
চিতলমারীতে ২ পক্ষের সংঘর্ষে আহত ১৫, নিহত ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৯ এএম | ২৭ মার্চ, ২০২৬
বাগেরহাটের চিতলমারি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে রাজিব শেখ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগড়িয়া গ্রামে বিশ্বাস গ্রুপ ও শেখ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ চলে। নিহত রাজিব শেখ ওই গ্রামের ফারুক শেখের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষ চলাকালে হামলাকারীরা একাধিক বাড়িতে ভাঙচুর চালিয়ে অন্তত ১০টি বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও প্রথমদিকে আগুন নেভাতে বেগ পেতে হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা সংঘবদ্ধভাবে আক্রমণ চালালে শুরুতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খায়।পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দাদের মতে, চিংগড়িয়া গ্রামের সাঈদ বিশ্বাস গ্রুপ ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শেখ মনজুরুল আলমের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর আগেও গত ২৮ জানুয়ারি লিচুতলা এলাকায় দুই পক্ষের সংঘর্ষে সাঈদ বিশ্বাস গ্রুপের নিজাম উদ্দিন নিহত হন। সেই ঘটনার জের ধরে সর্বশেষ এ সংঘর্ষে রাজিব শেখ প্রাণ হারান।

ঘটনার পর বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে এবং এ ঘটনায় রাজীব নামে একজন নিহত হয়েছেন। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

আরআই/এসএন

মন্তব্য করুন