কিশোরগঞ্জে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২০ জন
ছবি: সংগৃহীত
০২:৫৩ এএম | ২৭ মার্চ, ২০২৬
কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের নান্দলা এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় বাস দুটি দুমড়েমুচড়ে গেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা করিমগঞ্জগামী অছিম পরিবহন এবং নেত্রকোনা থেকে চট্টগ্রামগামী মিনহাজ পরিবহনের একটি বাসের নান্দলা বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় মিনহাজ পরিবহনের চালক গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে, অপর বাসটির চালক ঘটনার পরপরই পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত একটি বাস সরিয়ে নিলে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনায় ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছে। তবে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক জানিয়েছেন, আহতদের কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ২ জনকে ঢাকা পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসকে/টিএ