© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘দেশের অর্থনীতি ও জাতীয় স্বার্থের ক্ষতি করেছে ইমরান খানের পিটিআই’

শেয়ার করুন:
‘দেশের অর্থনীতি ও জাতীয় স্বার্থের ক্ষতি করেছে ইমরান খানের পিটিআই’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৭ এএম | ২৭ মার্চ, ২০২৬
পাকিস্তানের ফেডারেল তথ্য ও সম্প্রচার মন্ত্রী আত্তাউল্লাহ তারার বৃহস্পতিবার দেশটির বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ছেলেদের বিরুদ্ধে দেশের জাতীয় ও অর্থনৈতিক স্বার্থের বিরুদ্ধে কাজ করার অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন যে, তারা দেশের আন্তর্জাতিক অবস্থান ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে।

ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তারার বলেন, পাকিস্তানে অনেকেই দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু পিটিআই তা করেনি। তার ভাষ্য, ‘ঘড়ি চুরি করা কোন ধরনের ত্যাগ? বিদেশি তহবিল নেওয়া, ১৯০ মিলিয়ন পাউন্ডের দুর্নীতি করা- এ কোন ধরনের ত্যাগ?’

মন্ত্রী বলেন, সরকার ইমরান খানের ছেলেদের পাকিস্তানে ফেরার জন্য ন্যাশনাল আইডেন্টিটি কার্ড ফর ওভারসিজ পাকিস্তানি (এনআইসিওপি) ব্যবহার করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু তারা অন্য বিকল্প বেছে নিয়েছে।

তিনি বলেছেন, ‘পিটিআইয়ের প্রতিষ্ঠাতার ছেলেদের আমরা এনআইসিওপি-এ পাকিস্তানে ফেরার আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু তারা অন্য পথেই মনোনিবেশ করেছিল। তারা বলেছিল আমরা আপনাদের গ্রেফতার করব, কিন্তু আমরা বলেছিলাম আপনাদের স্বাগত জানাব।’

তারার পিটিআইয়ের অর্থনৈতিক রেকর্ডেরও সমালোচনা করেন এবং অভিযোগ করেন যে তাদের শাসনামলে পাকিস্তান ডিফল্টের কাছে পৌঁছেছিল। মন্ত্রী আরও দাবি করেন যে, বর্তমান সরকারের অধীনে পাকিস্তান ডিফল্ট এড়াতে সক্ষম হয়েছে এবং বিশ্বব্যাংক দেশের অর্থনৈতিক মডেলের প্রশংসা করেছে।

তারার পিটিআইয়ের আবাসন প্রতিশ্রুতিরও সমালোচনা করে বলেন, তারা পাঁচ মিলিয়ন বাড়ি বানানোর প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু চার বছরের শাসনকালে তারা শুধু মাত্র দেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ করেছে।

বাণিজ্য সংক্রান্ত বিষয়েও তিনি অভিযোগ করেন। তিনি উল্লেখ করেন যে, বর্তমান সরকারের অধীনে অর্থনৈতিক পরিস্থিতি উন্নত হয়েছে।

সমালোচনা সকলের অধিকার, কিন্তু দেশের মর্যাদা ক্ষুণ্ণ করা চলবে না। কোন রাজনৈতিক নেতা বা দল পাকিস্তানের চেয়ে বড় নয়- এমনটাও বলেন তারার।

আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে পিটিআইয়ের অবস্থান নিয়েও তিনি সমালোচনা করেন এবং বলেন, পিটিআই কখনও ইসরাইলের অপকর্মের নিন্দা করেনি।

সবশেষে তিনি বলেন, ‘যত বেশি তারা পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, পাকিস্তান ততই উজ্জ্বল হবে।’

তিনি আরও উল্লেখ করেন যে, মধ্যপ্রাচ্যে পাকিস্তানের কূটনৈতিক ভূমিকা বিশ্বব্যাপী স্বীকৃতি পাচ্ছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনা প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে দেশের আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করার জন্য তারার কৃতিত্ব দেন এবং দাবি করেন যে, ভারতীয় মিডিয়া পাকিস্তানের কূটনৈতিক প্রোফাইলের উন্নতিতে বেশ উত্তেজিত।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

এসকে/টিএ

মন্তব্য করুন