তেলের সরবরাহ স্বাভাবিক আছে: জ্বালানিমন্ত্রী
ছবি: সংগৃহীত
০১:৪৭ পিএম | ২৭ মার্চ, ২০২৬
বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও জ্বালানি তেল না পাওয়ার অভিযোগের মধ্যে দেশে তেল সরবরাহ স্বাভাবিক থাকার খবর জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
আজ শুক্রবার সিরাজগঞ্জের সয়দাবাদে ৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুকেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ জানান।
জ্বালানিমন্ত্রী বলেন, দেশের পাম্পগুলোতে তেলের সরবারহ স্বাভাবিক রয়েছে, ইরান যুদ্ধের আগে পাম্পগুলোতে যে পরিমাণ তেল সরবারহ করা হতো এখনো সেই পরিমাণ করা হয়।
তিনি বলেন, আগে পাম্পগুলো সরবারহ করা তেল বিক্রি করতে এক দিন দেড়-দিন লাগতো, কিন্ত ইরান যুদ্ধের পর হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে গেছে; এখন সেই তেল দুই ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে।
মন্ত্রী বলেন, তেলের সরবারহ আগের মতই আছে, কিন্তু কালোবাজারিরা এটা মজুত করে সংকট তৈরির চেষ্টা করছে। দেশের ডিসি এবং এসপিরা বিষয়টি মনিটরিং করছেন।
তিনি বলেন, চাহিদা অনুযায়ী বিদুৎ কেন্দ্রগুলোতে বিদুৎ উৎপাদন করা হচ্ছে। ফলে লোডশেডিং নেই। প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ওপর বেশি গুরুত্ব দিয়েছেন, তাই আমি এই সোলার পাওয়ার প্লান্ট দেখলাম। সোলার পাওয়ার প্লান্ট নিয়ে আমাদের আরও পরিকল্পনা আছে।
এসময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামসহ সোলার পাওয়ার প্লান্ট এবং নর্থ ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানির প্রকৌশলী এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে জ্বালানি সংকটে আজও বন্ধ রয়েছে রাজধানীর অনেক ফিলিং স্টেশন। যেগুলোতে তেল আছে সেসব ফিলিং স্টেশনের সামনে দেখা গেছে দীর্ঘ লাইন। জ্বালানি না পেয়ে বিপাকে পড়েছেন বাস, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চালকেরা। অনেকেই সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছেন জ্বালানি পাওয়ার আশায়।
এমআই/এসএন