© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা / সৌহার্দ্য পরিবহনের বাসটির রেজিস্ট্রেশন স্থগিত

শেয়ার করুন:
সৌহার্দ্য পরিবহনের বাসটির রেজিস্ট্রেশন স্থগিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৬ পিএম | ২৭ মার্চ, ২০২৬
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহনের একটি বাস যাত্রীসহ পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দুর্ঘটনার শিকার সৌহার্দ্য পরিবহনের বাসটির (রাজবাড়ী-ব-১১-০০২৪) রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়েছে।

বিআরটিএর তদন্ত প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ মার্চ বিকেল ৫টা ১৫ মিনিটে দৌলতদিয়া ৩নং ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনার পর বিআরটিএ রাজবাড়ী সার্কেলের মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত গত ২৫ মার্চ সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন।

চিঠিতে জানানো হয়, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ২৪ ও সড়ক পরিবহন বিধিমালা ২০২২ এর ৪৬ ও ৪৭ বিধি অনুযায়ী রাজবাড়ী-ব-১১-০০২৪ নং মোটরযানের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং মোটরযানটির রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্সটোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট সনদ ও উক্ত মোটরযানের চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী ৩ কর্মদিবসের মধ্যে বিআরটির রাজবাড়ী কার্যালয়ে হাজির হয়ে মোটরযানটির রেজিস্ট্রেশন কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না মর্মে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় রাজবাড়ী-ব-১১-০০২৪ নং মোটরযানের রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করাসহ মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চিঠিতে জানানো হয়।

এই নির্দেশের অনুলিপি বিআরটিএর সদর দপ্তর, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান বলেন, বিআরটিএর মোটরযান পরিদর্শক ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বাসের মালিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৩ কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বাস দুর্ঘটনায় দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

অপরদিকে নৌ পরিবহন মন্ত্রণালায় থেকে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ছয় সদস্যবিশিষ্ট এই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এসকে/এসএন

মন্তব্য করুন