চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় অভিযান, বিপুল পরিমাণ ‘চোরাই’ ডিজেল জব্দ
ছবি: সংগৃহীত
০৪:২৭ পিএম | ২৭ মার্চ, ২০২৬
চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ ‘চোরাই’ ডিজেল মজুতের তথ্য পেয়ে অভিযানে নেমেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে ইতোমধ্যে বিপুল পরিমাণ জ্বালানি তেলের পাশাপাশি লোডিং-আনলোডিং পাম্প জব্দ করা হয়েছে।
বিকেল পৌনে ৪টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক। তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পতেঙ্গা থানা এলাকার বিমানবন্দর সংলগ্ন স্থানে অবৈধভাবে এই ডিজেল মজুত করা হয়েছিল। গোপন সংবাদ পেয়ে জেলা প্রশাসন আজ সকালে সেখানে অভিযান শুরু করে। অভিযানে চোরাই ডিজেলের পাশাপাশি তেল স্থানান্তরের জন্য ব্যবহৃত সরঞ্জামাদিও জব্দ করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক জানান, অভিযান এখনো চলমান রয়েছে। অভিযান শেষ হওয়ার পর উদ্ধার হওয়া ডিজেলের সঠিক পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য জানানো সম্ভব হবে।
এসকে/এসএন