© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পশ্চিমাদের জন্য হরমুজ প্রণালি বন্ধ: আইআরজিসি

শেয়ার করুন:
পশ্চিমাদের জন্য হরমুজ প্রণালি বন্ধ: আইআরজিসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৬ পিএম | ২৭ মার্চ, ২০২৬
হরমুজ প্রণালি পশ্চিমা দেশগুলোর জন্য বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সমর্থনকারী কোনো দেশের জাহাজ এই নৌপথ ব্যবহার করতে পারবে না।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে এমন কোনো জাহাজ চলাচল করতে পারবে না, যেগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলপন্থী দেশগুলোর বন্দর থেকে আসছে বা সেখানে যাচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) আইআরজিসির নৌবাহিনী তিনটি ভিন্ন দেশের কনটেইনার জাহাজকে ফিরে যেতে বাধ্য করে। এসব জাহাজ অনুমোদিত করিডোরে প্রবেশের চেষ্টা করছিল। আইআরজিসির দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খোলা রয়েছে বলে মিথ্যা তথ্য দেওয়ার পরই এসব জাহাজ এগিয়ে আসে।

সংস্থাটি আরও ঘোষণা করে, হরমুজ প্রণালী এখন বন্ধ এবং কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে “কঠোর পরিণতি” ভোগ করতে হবে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান ১০টি তেলবাহী জাহাজকে হরমুজ দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে।

এদিকে উপসাগরীয় দেশগুলোর বেসামরিক জনগণকে সতর্ক করে আইআরজিসি জানায়, যেখানে মার্কিন সেনারা অবস্থান করছে, সেসব জায়গা থেকে দ্রুত সরে যেতে।

অন্য এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনাদের যেখানে পাওয়া যাবে সেখানেই হামলার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উপসাগরীয় দেশগুলোর হোটেলগুলোকে সতর্ক করে বলেন, তারা যেন মার্কিন সেনাদের আশ্রয় না দেয়। তিনি অভিযোগ করেন, মার্কিন সেনারা ঘাঁটি ছেড়ে হোটেল ও অফিসে লুকিয়ে সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে।

এমআর/টিএ 

মন্তব্য করুন