© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের স্কুলে হামলার তদন্ত যুক্তরাষ্ট্রকে দ্রুত শেষ করতে হবে: ভলকার তুর্ক

শেয়ার করুন:
ইরানের স্কুলে হামলার তদন্ত যুক্তরাষ্ট্রকে দ্রুত শেষ করতে হবে: ভলকার তুর্ক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৯ পিএম | ২৭ মার্চ, ২০২৬
ইরানে প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ হামলার পূর্ণাঙ্গ তদন্ত দ্রুত শেষ করে ফল প্রকাশের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থার মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, এই ঘটনা ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করেছে এবং অবশ্যই এর ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

জাতিসংঘ মানবাধিকার পরিষদের জরুরি অধিবেশনে ভলকার তুর্ক বলেন, 'হামলায় যেভাবে শিশুদের মৃত্যু হয়েছে, তা যুদ্ধের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়গুলোর একটি'।

ইরানি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, গত মাসে যুদ্ধের প্রথম দিনেই শাজারে তাইয়্যেবেহ নামের একটি স্কুলে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে অন্তত ১৬৮ জন নিহত হয়। এর মধ্যে প্রায় ১১০ জন শিশু ছিল।

তেহরানের অভিযোগ, এটি যুক্তরাষ্ট্রের পরিকল্পিত হামলা ছিল।

অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে ইচ্ছাকৃত হামলা করা হয়নি।

মার্কিন প্রতিরক্ষা সচিব পেট হেগসেথ বলেছেন, ঘটনার পূর্ণ তদন্ত চলছে।

তবে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারীদের ধারণা, ভুল লক্ষ্য নির্ধারণ বা পুরনো গোয়েন্দা তথ্যের কারণে হামলায় ভুল হতে পারে।

রিপোর্টে আরও বলা হয়, হামলার মূল লক্ষ্য ছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের ঘাঁটি, যার পাশে স্কুলটি ছিল।

এসকে/টিএ

মন্তব্য করুন