প্রথমবারের মতো ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি
ছবি: সংগৃহীত
০২:৪৩ পিএম | ২৮ মার্চ, ২০২৬
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর প্রথমবারের মতো ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা।
হামলার বিষয়টি নিশ্চিত করে হুথি জানিয়েছে, ইরান, লেবানন, ইরাক এবং ফিলিস্তিনি ভূখণ্ডে হামলার পাল্টা জবাব হিসেবে তারা ‘ইসরায়েলের সংবেদনশীল সামরিক স্থাপনা লক্ষ্য করে’ একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
সমস্ত ফ্রন্টে এই আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি।
ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ডিফেন্স ফোর্সেস প্রতিহত করার দাবির পরপরই হুথিদের পক্ষ থেকে এই ঘোষণাটি এসেছে।
বিবৃতিতে ইসরায়েলি সামরিক বলেছে, তারা ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে। এ হুমকি মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।
দ্বিতীয় মাসে পদার্পণ করতে যাওয়া এই যুদ্ধে ইয়েমেন থেকে হামলা হওয়ার বিষয়ে এটিই প্রথম আনুষ্ঠানিক কোনো বিবৃতি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। ওই দিন থেকেই পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। এভাবেই টানা ২৯তম দিন গড়িয়েছে যুদ্ধ। ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য।
সূত্র : বিবিসি
এমআর/টিএ