© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি নেতার গোয়ালঘরে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, জরিমানা প্রশাসনের

শেয়ার করুন:
বিএনপি নেতার গোয়ালঘরে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, জরিমানা প্রশাসনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৯ পিএম | ২৮ মার্চ, ২০২৬
কুড়িগ্রামের রৌমারীতে এক বিএনপি নেতার বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা পেট্রল উদ্ধার করেছে প্রশাসন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে বিএনপি নেতা আবু জাহানের গোয়ালঘর থেকে ড্রামভর্তি তেল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান। এ ঘটনায় অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
স্থানীয়রা জানান, আবু জাহান দাঁতভাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তার ছেলে এরশাদুল হক এলাকায় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি মূলত গোয়ালঘরে ড্রামে অবৈধভাবে তেল মজুদ করে রাখেন। এলাকাবাসীর কাছে মজুদ তেল বেশি দামে বিক্রি করার অভিযোগ আছে এরশাদুলের বিরুদ্ধে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। মজুদদার এরশাদুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি উপস্থিত না থাকায় তার ভাই হারুন অর রশিদ জরিমানার অর্থ পরিশোধ করেন।

হারুন অর রশিদ বলেন, 'ব্যক্তিগত মোটরসাইকেলে ব্যবহারের জন্যই কিছু পেট্রল ড্রামে রাখা ছিল। কোনো অসাধু উদ্দেশ্য ছিল না।' প্রতিবেশীরা শত্রুতা করে বিষয়টি প্রশাসনকে জানিয়েছে বলে অভিযোগ তার। বাজারে তাদের একটি তেলের দোকান আছে বলেও দাবি তার।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, ‘বসতবাড়ির গোয়ালঘরে ঝুঁকিপূর্ণভাবে পেট্রল মজুদ রাখা হয়েছিল। এ কারণে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

আরআই/টিএ

মন্তব্য করুন