এবার সুয়েজ খাল বন্ধের উপক্রম, বৈশ্বিক বাণিজ্যে বড় সংকটের আশঙ্কা
ছবি: সংগৃহীত
০৩:৪৫ পিএম | ২৮ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি প্রথমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গোষ্ঠীটির এমন সরাসরি সম্পৃক্ততা বৈশ্বিক বাণিজ্যের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ নৌপথকে হুমকির মুখে ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।
শনিবার (২৮ মার্চ) আল জাজিরার খবরে বলা হয়, দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি বলেন, ‘গত আড়াই বছরে হুতিরা যে সামরিক সক্ষমতা দেখিয়েছে, তাতে তারা চাইলে বাব আল-মান্দাব প্রণালি বন্ধ করে দিতে পারে। এর ফলে লোহিত সাগরে প্রবেশের পথ বন্ধ হয়ে যাবে এবং শেষ পর্যন্ত সুয়েজ খালের কার্যক্রমও স্থবির হয়ে পড়তে পারে।’
তিনি বলেন, ‘এতে করে বর্তমানে বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ- হরমুজ প্রণালি ও সুয়েজ খাল একই সঙ্গে ঝুঁকির মুখে পড়বে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এই পথগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলে এর প্রভাব হবে বিশ্বব্যাপী ও ব্যাপক।’
এলমাসরি আরও বলেন, ‘হুতিদের ধারাবাহিক হামলা ইসরায়েল শক্তিশালী হলেও তাদের জন্য মাথা ব্যথার কারণ হবে। কারণ তারা পুরোপুরি অপ্রতিরোধ্য নয়। হুতির আক্রমণ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।’
তার মতে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র, রকেট এবং ইরানের হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হয়েছে। এখন যদি ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকে, তাহলে পরিস্থিতি ইসরায়েলের জন্য আরও জটিল হয়ে উঠবে।
তবে রাজনৈতিকভাবে পরিস্থিতির একটি ভিন্ন দিকও থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন। বলেন, ‘এক অর্থে ইসরায়েল হয়তো এটিকে স্বাগত জানাতে পারে, কারণ তারা যুদ্ধের পরিধি বাড়াতে চায় এবং তারা চায় না যে যুক্তরাষ্ট্র দ্রুত এই যুদ্ধ থেকে বেরিয়ে আসুক। কারণ, ইসরায়েলের কৌশলগত লক্ষ্য এখনও পূরণ হয়নি।’
টিজে/টিএ