© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামালপুর শহরে সাইনবোর্ডে লেখা ‘তেল নেই’, ভেতরে মিলল ২৫০০ লিটার

শেয়ার করুন:
জামালপুর শহরে সাইনবোর্ডে লেখা ‘তেল নেই’, ভেতরে মিলল ২৫০০ লিটার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৫ পিএম | ২৮ মার্চ, ২০২৬
জামালপুর শহরে তেল মজুদ থাকা সত্ত্বেও ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড সামনে রেখে দোকান বন্ধ রাখায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) সকালে শহরের পিটিআই মোড়ে মেসার্স জুই এন্টারপ্রাইজ নামের ব্যবসাপ্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোর থেকেই মোটরসাইকেল চালকরা তেল নেওয়ার জন্য দোকানের সামনে সারিতে দাঁড়ান।

কিন্তু সকাল সাড়ে ১০টার দিকে সামনে ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড রেখে দোকান বন্ধ রাখা হয়। এতে ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেল চালকরা সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে দোকান খুলে ভেতরে তল্লাশি চালিয়ে দোকানের পেছনে রাখা ১৩টি ড্রামে প্রায় আড়াই হাজার লিটার তেল মজুদ পাওয়া যায়। পরে পুলিশের সহায়তায় দোকান থেকে মোটরসাইকেল চালকদের কাছে তেল সরবরাহ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ বলেন, দোকানের রেজিস্ট্রারে তেল না থাকার তথ্য দেখানো হলেও পেছনে রাখা ১৩টি ড্রামে প্রায় আড়াই হাজার লিটার পেট্রল মজুদ পাওয়া যায়। তেল মজুদ রেখেও বিক্রি না করায় ভোক্তা অধিকার আইনে দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসকে/টিকে

মন্তব্য করুন