© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আড়াইহাজারের এক মাদক কারবারিকে ‘চিল্লায়’ পাঠালেন এমপি

শেয়ার করুন:
আড়াইহাজারের এক মাদক কারবারিকে ‘চিল্লায়’ পাঠালেন এমপি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৫ পিএম | ২৮ মার্চ, ২০২৬
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক মাদক কারবারিকে ৪০ দিনের জন্য তাবলিগের চিল্লায় পাঠানো হয়েছে। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের মাদক ও ডাকাতমুক্ত আড়াইহাজার গড়ার উদ্যোগের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

অভিযুক্ত মঞ্জুর হোসেন (৩৮) আড়াইহাজার পৌরসভার বাঘানগর এলাকার বাসিন্দা ও মোজাম্মেল হকের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, মঞ্জুর দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। এ ঘটনায় এর আগে দুইবার কারাভোগ করলেও মুক্তির পর তিনি আবারও একই অপকর্মে জড়িয়ে পড়েন।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাতে মাদক কারবারের অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী তার বাড়ি ঘেরাও করে। পরে বিষয়টি সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নজরে আনা হলে তার ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব ঘটনাস্থলে আসেন। স্থানীয়দের সঙ্গে আলোচনা করে মঞ্জুরকে সংশোধনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়।

এরপর সংসদ সদস্যের পক্ষ থেকে তাকে ৫০ হাজার টাকা দেওয়া হয় এবং ৪০ দিনের জন্য তাবলিগের চিল্লায় পাঠানো হয়, যাতে তিনি মাদক কারবার ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

এ ব্যাপারে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘মাদক ও অপরাধমুক্ত আড়াইহাজার গড়তে হলে শুধু আইন প্রয়োগ নয়, সংশোধনের সুযোগও প্রয়োজন।’

চিল্লায় যাওয়ার আগে মঞ্জুর হোসেন বলেন, ‘আমি আমার ভুল বুঝতে পেরেছি। এলাকাবাসী আমাকে যে সুযোগ দিয়েছে, তা কাজে লাগাতে চাই। ভবিষ্যতে ভালো পথে চলতে চাই।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, আড়াইহাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান সালাউদ্দিন ডালিম, সাবেক যুবদল নেতা আলী আজগর ও সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম সুমনসহ স্থানীয় ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

এসকে/টিএ

মন্তব্য করুন