চলতি সপ্তাহেই ইরানের সঙ্গে আলোচনা হতে পারে: মার্কিন বিশেষ দূত
ছবি: সংগৃহীত
০৭:৩৪ পিএম | ২৮ মার্চ, ২০২৬
চলতি সপ্তাহেই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। দেশটির মায়ামিতে এক ব্যবসায়িক ফোরামে তিনি বলেন, 'আমরা মনে করি এই সপ্তাহেই বৈঠক হতে পারে। আমরা এ বিষয়ে আশাবাদী।'
তিনি জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছে এবং এখন তেহরানের জবাবের অপেক্ষায় রয়েছে। এই প্রস্তাব সব সমস্যার সমাধান করতে পারে, যোগ করেন তিনি।
এদিকে ইরান চুক্তি করতে আগ্রহী বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন। তিনি বলেন, 'তারা আলোচনা করছে, আমরাও করছি। তারা একটি চুক্তি করতে চায়।'
হরমুজ প্রণালী নিয়েও ইতিবাচক ইঙ্গিত দেন উইটকফ। তার দাবি, কিছু জাহাজ চলাচল শুরু করেছে, যা ভালো লক্ষণ।
অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান 'কয়েক সপ্তাহের মধ্যেই' শেষ হতে পারে এবং স্থলবাহিনী পাঠানো ছাড়াই লক্ষ্য অর্জন সম্ভব।
প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালিয়ে আসছে। এতে ১,৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।
এর জবাবে ইরান ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। একই সঙ্গে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে।
টিজে/টিএ