© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুধু ধর্মীয় শিক্ষা নয়, মাদরাসা শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানেও সমৃদ্ধ হতে হবে: চসিক মেয়র

শেয়ার করুন:
শুধু ধর্মীয় শিক্ষা নয়, মাদরাসা শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানেও সমৃদ্ধ হতে হবে: চসিক মেয়র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৪ পিএম | ২৮ মার্চ, ২০২৬
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘সময়ের চাহিদা অনুযায়ী মাদরাসা শিক্ষার্থীদেরও আধুনিক জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে হবে। শুধু ধর্মীয় শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রযুক্তি, বিজ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করতে হবে।’

শনিবার (২৮ মার্চ) বিকেলে চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে হযরত চিকন খলিফা সিদ্দিক আহমদ দাখিল মাদরাসার ৩৬তম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ এবং হযরত চিকন খলিফা (রহ.)-এর বার্ষিক ওরশ শরিফ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মেয়র বলেন, ‘বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক। এখানে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের ইংরেজি, তথ্য-প্রযুক্তি ও আধুনিক জ্ঞান অর্জনের বিকল্প নেই। মাদরাসা শিক্ষার্থীরাও সঠিক দিকনির্দেশনা পেলে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।’

তিনি মাদরাসা শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, নৈতিকতা ও দেশপ্রেম জাগ্রত করার পাশাপাশি আধুনিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করার জন্য আরো আন্তরিক হতে হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মাদরাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার, যুগ্ম আহ্বায়ক গাজী সিরাজ উল্লাহ, জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির, ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী, উপজেলা শিক্ষা কর্মকর্তা দীপন কান্তি দেসহ প্রমুখ।

আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন মেয়র। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, যেখানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টিজে/টিএ 

মন্তব্য করুন