© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাটোরে পাম্পে পৌঁছানোর আগেই উধাও ২ হাজার লিটার তেল! ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

শেয়ার করুন:
নাটোরে পাম্পে পৌঁছানোর আগেই উধাও ২ হাজার লিটার তেল! ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৭ এএম | ২৯ মার্চ, ২০২৬
নাটোরের সিংড়া উপজেলায় ফিলিং স্টেশনে পৌঁছানোর আগেই গোপনে তেল বিক্রির অভিযোগে তেল বহনকারী লরি ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানে এই জরিমানা করা হয়।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে সিংড়ার চারটি পেট্রোল পাম্প পরিদর্শন করা হয়। এ সময় জামতলী বাজারের আঁখি ফিলিং স্টেশনে বরাদ্দ অনুযায়ী তেলের পরিমাণে অসঙ্গতি ধরা পড়ে। ফিলিং স্টেশনটির জন্য বরাদ্দ ছিল সাড়ে চার হাজার লিটার পেট্রোল ও সাড়ে চার হাজার লিটার ডিজেল। কিন্তু সরেজমিনে গিয়ে ৩ হাজার লিটার পেট্রোল ও ৪ হাজার লিটার ডিজেল পাওয়া যায়। পরে লরির চালক ও ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, তারা যোগসাজশ করে বাঘাবাড়ি থেকে তেল নিয়ে সিংড়ায় পৌঁছানোর আগেই বগুড়ার নন্দীগ্রাম এলাকায় ২ হাজার লিটার তেল অবৈধভাবে বিক্রি করে দিয়েছে। 

এ ঘটনায় ভোক্তা অধিকার আইনে তেলের লরির ম্যানেজার আবু সাঈদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তেলের সিন্ডিকেট ও অবৈধ বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ইউএনও।


ইউটি/টিএ

মন্তব্য করুন