© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘দোয়া নিতে’ জমির উদ্দিনের বাসায় গেলেন ডেপুটি স্পিকার

শেয়ার করুন:
‘দোয়া নিতে’ জমির উদ্দিনের বাসায় গেলেন ডেপুটি স্পিকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫১ এএম | ২৯ মার্চ, ২০২৬
সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।

শনিবার ধানমন্ডিতে জমির উদ্দিন সরকারের বাসায় গিয়ে ফুলের তোড়া ও সম্মাননা তুলে দেন তিনি।

তিনি সাবেক স্পিকারের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন বলে জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ডেপুটি স্পিকার সাবেক স্পিকারকে বলেন, “আমি আপনার কাছে দোয়া ও আশীর্বাদ নিতে এসেছি। আপনি সংসদের সাবেক স্পিকার এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন। আপনার গৌরবোজ্জ্ল ও দূরদর্শী নেতৃত্বের নিদর্শন স্বরূপ আমি সামান্য সম্মাননা উপহার দিচ্ছি। আপনি সাদরে গ্রহণ করে আমাকে কৃতার্থ করুন।"

তিনি বলেন, “আপনার অবদান দেশ ও জাতি চিরদিন স্মরণ রাখবে। আপনি সফলভাবে দায়িত্ব পালন করেছেন। আমরা সৌভাগ্যবান যে, আপনাকে আমরা এখনো পাচ্ছি। আপনি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সফলভাবে দায়িত্ব পালন করতে পারি।”

সাক্ষাৎকালে জমির উদ্দিন সরকারের ছেলে মুহাম্মদ নওফেল জমির, সাবেক একান্ত সচিব মো. খালেকুজ্জামান সবুজ, ডেপুটি স্পিকারের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মীরা উপস্থিত ছিলেন।


ইউটি/টিএ

মন্তব্য করুন