ব্যবসায়ীকে জরিমানা ও খোলা বাজারে তেল বিক্রি
ছবি: সংগৃহীত
০৫:১৯ এএম | ২৯ মার্চ, ২০২৬
খাগড়াছড়িতে জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের অভিযানে একজনকে অর্থদণ্ড ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলা বাজারে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার শীল।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, খাগড়াছড়ি পৌর শহরের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সাজেক পর্যটকবাহী চাঁদের গাড়ির চালক খোকনের বসত বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্লাস্টিকের তিনটি ড্রামে মজুত অবস্থায় ১৮ লিটার ডিজেল পাওয়া যায়। সংকটের সময়ে বাণিজ্যিক উদ্দেশে অবৈধভাবে ডিজেল মজুত করার দায় স্বীকার করায় ৭ হাজার টাকা অর্থ দণ্ড করা হয়।
অন্যদিকে, পৌর বাস টার্মিনাল এলাকায় মেসার্স বক্কর ট্রেডার্স নামে প্যাকড পয়েন্টে ৪০০ লিটার অকটেন ও ২০০ লিটার ডিজেল মজুত রেখে কৃত্রিম সংকটের দায়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ন্যায্যমূল্যে ভোক্তা পর্যায়ে প্রদান করা হয়।
মহাজন পাড়া এলাকায় প্যাকড পয়েন্ট মেসার্স আলম এন্টারপ্রাইজে ৪০০ লিটার অকটেন মজুদ করে কৃত্রিম সংকটের দায়ে একইভাবে ভোক্তা পর্যায়ে প্রদান করা হয়। অনিক ট্রেডার্স নামে আরেক প্রতিষ্ঠান ভ্রাম্যমাণ আদালত দেখে দোকান বন্ধ করে পালিয়ে গেলে ম্যাজিস্ট্রেট তালা লাগিয়ে দেয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার শীল বলেন, অবৈধ মজুত করে বাণিজ্যিক কার্যক্রম চালানোর দায়ে পেট্রোলিয়াম আইনে একজনকে অর্থদণ্ড ও দুইটি প্যাকড পয়েন্টে অবৈধ মজুত রাখায় ন্যায্যমূল্য বিক্রি করে দেয়া হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এবি/টিএ