ইসরাইলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুতিরা
ছবি: সংগৃহীত
০৯:২০ এএম | ২৯ মার্চ, ২০২৬
ইসরাইলে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। গোষ্ঠীটি জানায়, তারা রোববার (২৯ মার্চ) দক্ষিণ ইসরাইলের কয়েকটি অংশে দ্বিতীয় হামলা চালিয়েছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর (ইয়েমেনের সামরিক বাহিনীর হুতি অংশ) মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, দলটি ইসরাইলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধারাবাহিক হামলা চালিয়েছে।
তিনি আরও বলেন যে, এই হামলাগুলো ইরান ও হিজবুল্লাহর নিজ নিজ সামরিক অভিযানের সাথে একই সময়ে চালানো হয়েছে এবং এটি সফলভাবে তার উদ্দেশ্য সাধন করেছে।
তিনি যোগ করেন যে, যতক্ষণ না এই অপরাধী শত্রু তার হামলা ও আগ্রাসন বন্ধ করছে, ততক্ষণ আগামী দিনগুলোতে আরও হামলা চালানো হবে।
২৮ ফেব্রুয়ারি ইরানের সাথে সংঘাত শুরু হওয়ার পর ইসরাইলের দিকে তাদের প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি হুতিরা নিশ্চিত করার কয়েক ঘণ্টা পর, ইসরাইলি ও আমেরিকান গণমাধ্যমে হুতিদের দ্বিতীয় দফা হামলার খবর প্রকাশের পর তার টেলিগ্রাম অ্যাকাউন্টে এই বিবৃতিটি আসে।
এর আগে শনিবার ইরানের পক্ষে ইসরাইলে প্রথম হামলা চালায় ইয়েমেন। তারা ঘোষণা করেছে, ইরানে মার্কিন-ইসরাইলের আগ্রাসন বন্ধ না হলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।
শুক্রবার (২৭ মার্চ) এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে, সরাসরি সামরিক হস্তক্ষেপের জন্য আমাদের হাত ট্রিগারেই রয়েছে।’
এসকে/এসএন