© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চাঁদাবাজির অভিযোগ প্রমাণ দিতে পারলে আত্মহত্যা করব : বিএনপি নেতা খোকন

শেয়ার করুন:
চাঁদাবাজির অভিযোগ প্রমাণ দিতে পারলে আত্মহত্যা করব : বিএনপি নেতা খোকন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৬ এএম | ২৯ মার্চ, ২০২৬
বিএনপি নেতা রেজাউল করিম খোকন বলেছেন, চাঁদাবাজি সংক্রান্ত বিষয়ে যদি আমার কোনো সম্পৃক্ততা থাকে, যদি প্রমাণিত হয়, তাহলে রাজনীতি তো দূরে থাক, আমি আত্মহত্যা করব।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় পাবনার চাটমোহর রেলবাজারে নিজের ব্যক্তিগত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

রেজাউল করিম খোকন ওরফে কাজী খোকন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক। তিনি উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামের খবির উদ্দিন মাস্টারের ছেলে।

জানা যায়, একই উপজেলার মহরমখালী গ্রামের হারুন অর রশীদ নামের এক ব্যক্তি চাঁদা দাবি ও মারধরের অভিযোগ তোলেন বিএনপি নেতা কাজী খোকনের বিরুদ্ধে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় রেলবাজার এলাকায় হারুনকে মারধর করেন খোকন। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন, কাজী খোকন তার কাছে চাঁদা দাবি করেছিলেন, না দেওয়ায় তাকে মারধর করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগও দিয়েছেন হারুন।

এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা কাজী খোকন। তিনি বলেন, দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তার পরিপ্রেক্ষিতে আমি আমার এলাকায় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। হারুন একজন মাদকের ডিলার ও আদম ব্যবসায়ী। এটা সবাই জানেন। আমি তার প্রতিবাদ করেছিলাম। এ ছাড়া তার সঙ্গে মাদক বিক্রির কাজ করেন ডলার নামে এক ছেলে। হারুন তাকে বিদেশ পাঠানোর কথা বলে তার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে প্রতারণা করেছেন। টাকা ফেরত না দিয়ে তাকে হুমকি-ধমকি দেন। ডলার কান্নাকাটি করে আমাকে বিষয়টি জানানোর পর হারুনকে ডেকে নিয়ে টাকা ফেরত দিতে বলি। কিন্তু সে টাকা ফেরত না দেওয়ায় মরধর করা হয়েছে। পুলিশের হাতে তুলে দিতে চাইলে এলাকার কিছু নেতা বিষয়টি সমাধানের কথা বলে হারুনকে নিয়ে যান। তারপরই আমাদের দলের কিছু বড় নেতা ষড়যন্ত্র করে হারুনকে দিয়ে আমার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলেছেন।

কাজী খোকন আরো বলেন, মূলত মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলে চরিত্র হনন করা হয়েছে। আপনারা তদন্ত করে দেখেন, আমাকে সহযোগিতা করেন, প্রশাসনকেও সহযোগিতা করেন। আর হারুন কেন আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলল তার কাছে প্রমাণ নেন, তদন্ত করে দেখেন। সে একজন মাদকের ডিলার, ইয়াবা ব্যবসায়ী-সেটাও তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস, মূলগ্রাম ইউনিয়ন বিএনপির নেতা তোফাজ্জল হোসেন মণ্ডল, ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মিজানুর রহমান ঠাণ্ডু, সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

এমআই/এসএন  

মন্তব্য করুন