শিগগিরই টুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেয়া হবে: ভারতের সহকারী হাইকমিশনার
ছবি: সংগৃহীত
১২:১৮ পিএম | ২৯ মার্চ, ২০২৬
শিগগিরই টুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। শনিবার (২৮ মার্চ) পাবনার হিমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ভারতীয় ভিসা প্রাপ্তির ক্ষেত্রে অতিরিক্ত টাকা না দেয়ার আহ্বান জানান। সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, সরকার নির্ধারিত ফি ছাড়া ভিসার জন্য কাউকে অতিরিক্ত টাকা দেয়া উচিত নয়। তিনি আরও বলেন, আবেদনকারীরা নিজেরাই ফরম পূরণ করবেন এবং নির্ধারিত ফি জমা দেবেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন।
শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাশের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ড. নরেশ চন্দ্র মধুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন। এ সময় কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্রী বিকাশ চন্দ্র, শ্রী হিরন্ময় ঘোষ, শ্রী সুদেব কুমার, শ্রী বলাই চন্দ্র সাহা, শ্রী চিত্তরঞ্জন দাশসহ বিভিন্ন নেতৃবৃন্দ, সাংবাদিক, আশ্রমকর্মী ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তিনি সৎসঙ্গ নেতৃবৃন্দের সঙ্গে আশ্রমের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এরপর ভারতের সহকারী হাইকমিশনার পাবনা শহরের কালাচাঁদপাড়া শ্রী শ্রী মহাদেব মন্দির (শিববাড়ী) পরিদর্শন করেন। এ সময় মন্দির কমিটির সভাপতি সুদর্শন তালুকদার তাকে স্বাগত জানান।
কেএন/এসএন